চাঁপাইনবাবগঞ্জে দিনে দিনে বাড়ছে ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকান
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে সরকার বড় অংেকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে এসব ওষুধের দোকানে নিম্নমানের ওষুধ বিক্রি ও নির্দিষ্ট নিয়মকানুন না মানারও অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ড্রাগিস্ট এ্যাণ্ড কেমিস্ট সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলায় প্রায় দেড় হাজারেরও বেশি ওষুধের দোকান রয়েছে। এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র আট’শ ৩০টি দোকানের। সূত্রটির পরিসংখ্যান অনুযায়ী সদর উপজেলায় ৩০০, শিবগঞ্জ উপজেলায় ৩০০, নাচোল উপজেলায় ৬০, গোমস্তাপুর উপজেলায় ১৩০ ও ভোলাহাট উপজেলায় ৪০টি ওষুধের দোকানের লাইসেন্স রয়েছে। বাকি দোকানগুলোর লাইসেন্স নেই। কৌশলে তারা দীর্ঘদিন থেকে লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছে।
এদিকে ওষুধের দোকান পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মকানুন থাকলেও তা মানা হচ্ছে না।
সূত্র জানায়, ১৯৭৬ সালের ফার্মেসী অর্ডিনেন্স অনুযায়ী ওষুধের দোকানে কমপক্ষে একজন করে ফার্মাসিস্ট থাকার নিয়ম রয়েছে। কিন্তু এ ব্যাপারে সরকারিভাবেই কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ ড্রাগিস্ট এ্যাণ্ড কেমিস্ট সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী বিডিনিউজকে জানান, আগে নিয়ম ছিল ফার্মাসিস্ট প্রশিক্ষণ শেষ করে ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করবে। কিন্তু নিয়ম থাকলেও বিবিধ কারণে ড্রাগ সুপার অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে তারা প্রশিক্ষণ ছাড়াই লাইসেন্স দিয়ে দিচ্ছে।
সূত্র জানায়, ওষুধ ব্যবসায়ীদের উপর যথাযথ আইন প্রয়োগ না হওয়ায় যত্রতত্র ওষুধের দোকান গড়ে উঠছে। বিশেষ করে সদর উপজেলার চরাঞ্চলের শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, চর আলাতুলি, সুন্দরপুর. নারায়ণপুর ইউনিয়নসহ শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা, মনাকষা, খাসেরহাট বাজার গোলাপের হাট কালিনগর এলাকা ছাড়াও ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার সীমান্ত সংলগ্ন হাট বাজারে অনেক লাইসেন্সবিহীন ওষুধের দোকান রয়েছে। বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও ওইসব দোকানে ওষুধ সরবরাহ করছে।
এছাড়া জেলার লাইসেন্সধারী ও লাইসেন্সবিহীন অনেক ওষুধের দোকানদার নিজেরাই ডাক্তার সেজে রোগীদের ওষুধ দেওয়ায় চিকিৎসা ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।
এদিকে ওইসব গ্রামের দরিদ্রপীড়িত রোগীরা ‘ভিজিট ফি’ থেকে বাঁচার জন্য চিকিৎসকের কাছে না গিয়ে সরাসরি ওষুধের দোকানে যায়। দোকানদারও চিকিৎসা করে নানা ওষুধ দিচ্ছে। এতে করে তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে।
জেলার বিভিন্ন স্থানে হাতুড়ে চিকিৎসকের সংখ্যাও বাড়ছে। জটিল রোগ ভাল করার নামে এসব ডাক্তারের কাছে রোগীরা এসে হরহামেশা প্রতারিত হচ্ছে।
এছাড়া বিভিন্ন ওষুধের দোকানে কমদামী নিম্নমানের ভারতীয় ওষুধ বিক্রির পাশাপাশি যৌন উত্তেজক ওষুধ দেদারসে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক এসব অভিযোগের অধিকাংশই স্বীকার করে যথাযথ আইন প্রয়োগের পক্ষে মত প্রকাশ করেছেন।
