খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ৫ লাখ টাকার মানহানী মামলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার মানহানী মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী একেএম আব্দুস সালাম মিয়া।
বুধবার তিনি খুলনা জেলা জজ তৃতীয় আদালতে এই মামলা দায়ের করেন।
সূত্র জানায়, দ্বন্দ্বের কারণে উপাচার্য গত ৯ জুন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুস সালাম মিয়াকে প্রকৌশল বিভাগ থেকে খানজাহান আলী হলে বদলী করেন। কিন্তু ওই হলে কাজের পরিবেশ না থাকায় সালাম মিয়া কাজে যোগ না দেওয়ায় ১২ জুলাই উপাচার্য তাকে শোকজ করেন।
গত ২১ সেপ্টেম্বর উপাচার্য এবং প্রধান প্রকৌশলী বিশ্বাস শাহাদাৎ হোসেন সালাম মিয়াকে ভিসির কার্যালয়ে ডেকে পাঠান এবং পাঁচ ঘন্টা আটকে রেখে তিরস্কার করেন।
এই ঘটনার প্রেক্ষিতে সালাম মিয়ার আইনজীবী অ্যাডভোকেট এনায়েত আলী ভিসি অধ্যাপক মাহবুবুর রহমানকে ওই ঘটনার কারণ দর্শানোর জন্যে এক সপ্তাহ সময় দিয়ে নোটিশ প্রদান করেন। কিন্তু ভিসি শোকজ নোটিশের কোনও জবাব না দেওয়ায় ১২ অক্টোবর তার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করা হয়।
