২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অক্টোবর জগন্নাথ হল ট্র্যাজেডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১৫ অক্টোবর তারিখটি একটি ট্র্যাজেডি হিসাবে চিহিৃত হয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিশ্ববিদ্যালয়ের শোক দিবস এ দিন। ১৯৮৫ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের টিভি রুমে ঘটে এক ভায়াবহ দুর্ঘটনা। জীর্ণ ভবনটির ছাদ ধ্বসে সেদিন ওই হলে ছাত্র-কর্মচারী-অতিথি মিলে প্রাণ হারায় ৩৯জন। আহত হয় আরো ৩০০ জন।

১৫ অক্টোবর, রাত সাড়ে ৮টা। জনপ্রিয় নাটক ‘শুকতারা’ দেখতে টিভি রুমে ভীড় উপচে পড়ছিলো। জগন্নাথ হলেরই ছাত্র সতীর্থ মনন অধিকারী এ নাটকে অভিনয় করছেন। তাই নাটকটি দেখতে আগ্রহটা যেনো একটু বেশিই ছিলো সবার।

সে সময় প্রথমবর্ষে পড়তেন ভূ-তত্ত্ব বিভাগের ছাত্র প্রবীর কুমার সরকার। থাকতেন জগন্নাথ হলের সাবেক অ্যাসেম্বলী ভবনের তিন নম্বর রুমে।

জগন্নাথ হল ট্র্যাজেডির স্মৃতি হাতড়ে প্রবীর কুমার বিডিনিউজকে বলেন, অন্য সবার মতো সেদিন আমিও নাটক দেখতে গিয়ে বসি টিভি রুমে। কিছুক্ষণ পর সিনিয়র বন্ধু রঞ্জিত রায় এসে পাশে বসার জায়গা নেই জেনে একটু দূরে গিয়ে বসে। তখন টিভিতে সমস্ত মনোযোগ আমার। হঠাৎ মনে হলো, হাতের ওপর যেনো পানি পড়ছে কোথা থেকে। উপরের দিকে তাকিয়ে ঠিক তখনই কিছু বুঝতে পারিনি।

প্রবীর বলেন, একটু পরেই উপরে তাকিয়ে দেখি টিভি রুমের পুরো ছাদ ভেঙে পড়ছে। উঠে যাওয়ার সময়ই পাওয়া যায়নি। আমার বাম পাশে ছিলেন একজন অতিথি। তিনি স্কুল একজন শিক্ষক। দেখি, ওই স্কুল শিক্ষকের গায়ে ওপর আছড়ে পড়লো আস্ত একটি লোহার ভাড়ী বীম। তিনি তখন বেঁেচ আছেন, না মরে গেছেন, তা বোঝার উপায় ছিলো না। পরে জানতে পারি, ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়।

তিনি বলেন, আমি নিজে উঠতে গিয়ে দেখি শরীরের বাঁ পাশে ইট আর লোহার আস্তরণ। আমার বাম হাতে, চোখের ওপরে বীমের আস্তরণ। এসব সরিয়ে ওঠা আমার একারপক্ষে অসম্ভব। ধীরে ধীরে শুরু হয় শ্বাস কষ্ট। কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে ফেলি। পাঁচ-সাত মিনিট পরে যখন জ্ঞান ফিরে আসে, তখন চারিদিকে শুধু আর্তনাদ আর আহতদের বাঁচার জন্য আকুতি! চারদিক থেকে শুধু ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার। সবই দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর ফুটছিলো না।

এরপর তাকেও সব আহতদের সাথে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে জায়গার বড় অভাব। চারদিকে শুধু আহতদের আর্তনাদ, আহাজারি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জায়গা না হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় মিডফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। তার শরীরের পুরো বাঁ পাশে ছিলো প্রচণ্ড ঘা। ঘা সারতে প্রায় দেড় মাস সময় লেগে যায়। সব ব্যান্ডেজ খোলার পর চোখের ওপরে বাঁ পাশে একটা রগ ফোলা দেখা গেলো। ডাক্তাররা তা অপারেশন করলেন। অতিরিক্ত চিৎকার এবং চাপের ফলে রগে রক্ত জমে গিয়েছিলো। অপারেশন সফল হলেও এর জের তাকে টানতে হয় দীর্ঘদিন। প্রায়ই স্মৃতিভ্রষ্ট হতো তার। ফলে শিক্ষাবর্ষ ১৯৮৪-৮৫ হলেও সে বছর আর পড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরের সেশনে আবার ভর্তি হন তিনি।

প্রবীর বলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু রঞ্জিত রায়, তুষার দাস ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মারাত্মকভাবে আহত হয় রবীন্দ্রনাথ বারুইসহ আরো অনেকে। আর আমি নিজে আজো সেই দুঃসহ স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি শরীরে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহতদের মধ্যে আটজনকে চাকরির ব্যবস্থা করে দেয়। পরে তাদের মধ্যে ছয়জন চাকরিতে যোগ দেয়।