২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসে সারাদেশে নারীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১৬৮৩টি

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর-তিন মাসে সারাদেশে নারীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ১৬৮৩টি এবং এর বিপরীতে মামলা হয়েছে ৫৭৩টি। এর মধ্যে যৌতুক ও তালাকের সংখ্যাই বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) দেশের ১২টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানায়।

এসব মামলায় গ্রেফতার হয়েছে ৪৯৬ জন। ঘটনার শিকার নারীদের মধ্যে ৭৫৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫৫৬ জন।

এ তিন মাসে নারী নির্যাতনের হার এপ্রিল থেকে জুনের তুলনায় কমেছে। এ বছর জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রতিদিন গড়ে ৮ জনের বেশী নারী নিহত ও ১৮ জন নারী নির্যাতনের শিকার হয়। এপ্রিল-জুন সময়ে নিহত হয় নয় জন ও নির্যাতনের শিকার হয় ২২ জন নারী।

নারী নির্যাতনের শ্রেণী ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে যৌতুক ও তালাক সংক্রান্ত নির্যাতনের ঘটনাই বেশি। এ ক্ষেত্রে ২৬৯ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এ সময়ে ১৫৬ জন নারী যৌতুকের কারণে নিহত ও ৯০ জন নির্যাতনে আহত হয়েছে। এসব তালাক ও যৌতুকের ঘটনায় মামলা হয়েছে ১২৪টি। গ্রেফতার হয়েছে ৬০জন।

রাজশাহী বিভাগের নারীরা সবচেয়ে বেশি যৌতুকের শিকার হয়েছে। সবচেয়ে কম সিলেট বিভাগে। এরপর ক্রমানুযায়ী ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে ২২৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৯ জন নারীকে। এর মধ্যে ৯১ জন নারী গণধর্ষণের শিকার ও ১৪ জন গণধর্ষণে মারা গেছেন।

ধর্ষণজনিত হত্যার ঘটনা ঘটেছে বেশি ঢাকাতে।

এ সময়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৭২ জন। এর মধ্যে আহত ২৭, নিহত দুই জন। খুলনা বিভাগে এ নির্যাতন বেশি হয়েছে।

ছয়টি বিভাগে এ সময়ে আত্মহত্যার শিকার হয়েছেন ২৭৩ জন নারী। এদের মধ্যে ২৪৫ জনই নিহত এবং আহত হয়েছে ২৮ জন। রাজশাহী বিভাগে ১০৭ জন আত্মহত্যা করে এবং এ সংখ্যাই সবচেয়ে বেশি।

এ তিন মাসে এসিড নিক্ষেপের ঘটনায় ৫৪ জন আক্রান্ত হয়। আগের তিন মাসে এ সংখ্যা ছিল ৪৮। অপহরণের শিকার হয় ৫১ জন এবং পাচার হয় ৩০জন।

ফতোয়ার ঘটনায় ১৪ জন নারী এবং নারীদের সন্ত্রাসী কাজে ব্যবহারের শিকার হন ১৩৮ জন নারী। এ ক্ষেত্রে মামলা হয়েছে ৩০টি।