২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

ভারি বর্ষণ ও জোয়ারের কারণে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তবে নওগাঁর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার নয়টি উপজেলার ৮০টি ইউনিয়নের প্রায় সাত লাখ পানিবন্দি লোক মানবেতর জীবনযাপন করছে। প্রায় ১৪ হাজার বন্যা কবলিত মানুষ ১৮০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মার সকল পয়েন্টে পানির উচ্চতা হ্রাস পেয়েছে। মেঘনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকার বেশিরভাগ নদীর পানি কমেছে।

কেন্দ্র আরও জানায়, ৮৬টি পয়েন্টের মধ্যে ছয়টি পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, ৫৫টি পয়েন্টে কমেছে, দু’টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং দু’টি পয়েন্টে (চকরহিমপুরে করতোয়া এবং নওগাঁ পয়েন্টে ছোট্ট যমুনা) পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চকরহিমপুর পয়েন্টে করতোয়া নদীর পানি আট সেমি হ্রাস পেয়েছে। এ পয়েন্টে এখনও বিপদসীমার ৮০ সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে নওগাঁ পয়েন্টে ছোট্ট যমুনা নদীর পানি নয় সেমি কমলেও তা বিপদসীমার ১৬ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, বৃহস্পতিবার সকল ৯টা পর্যন্ত ২৪ঘন্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত হয়নি।