চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি: নিহত ২, আহত ৭
চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ২জন নিহত এবং তিন দমকল কর্মীসহ সাত জন আহত হয়েছে।
রাত নয়টা থেকে দেড়টা পর্যন্ত ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামালসহ তিনটি গুদাম ভস্মীভূত হয়।
নিহতরা হচ্ছে, জোসনা বেগম (৪৫) এবং শফিউল্যা সবুজ (৪)।
স্থানীয় লোকজন এবং দমকল কর্মকর্তারা জানায়, এই ঘটনায় আহত হয় দমকলকর্মী জাকির, নাজমুল ও হামিদ এবং বিলকিস বেগম (২০) ও নাসির (২৫) এবং স্বাতি (৭)। এছাড়া অজ্ঞাতনামা এক ব্যক্তি পদদলিত হয়ে আহত হয়েছে।
অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী একটি বস্তির দেয়াল ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বাতির মৃত্যু ঘটে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।
দমকল বাহিনীর সহকারী পরিচালক রাশেদুল ইসলাম মজুমদার বিডিনিউজকে জানিয়েছেন, ১৫ টি অগ্নি নির্বাপক গাড়ি রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লেগে গেছে।
আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে মজুমদার জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের সময় লুটপাট রোধ করার লক্ষ্যে র্যাব ও বিডিআর পুরো এলাকা ঘিরে রাখে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, চল্লিশ ফুট পর্যন্ত ওপরে ওঠা আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা গেছে।
দমকল বাহিনী সূত্র জানিয়েছে, মাদারবাড়ি হাজি নছু মালুম মসজিদ লেইনের গুদামগুলোতে গতরাত নয়টায় জলন্ত সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ইয়ামিক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন গুদামগুলো সিরামিক সামগ্রী, বি¯ু‹ট, দুধ, আমদানিকৃত পুরনো কাপড় ও অন্যান্য সামগ্রীতে ভর্তি ছিল। অগ্নিকাণ্ডে তিনটি গুদামের সবগুলোর মালামালই পুড়ে ছাই হয়ে গেছে।
চলাচলের অনুপযোগী রাস্তার কারণে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছতে অনেক সময় লেগেছে।
অগ্নি নির্বাপন শুরুর আধ ঘণ্টার মধ্যে দমকল বাহিনীর ১৫ টি গাড়িতে রক্ষিত পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী পুকুর ও কর্ণফুলী নদী থেকে পাইপ দিয়ে পানি আনা হয়।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা মালামাল প্রথমে বন্দর সংলগ্ন মাঝিরঘাট ও মাদারবাড়ি এলাকার গুদামগুলোতে মজুত রাখা হয়। পরে এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।
