ডেমরার ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর ডেমরা এলাকার ব্যবসায়ী রনি হত্যা মামলার রায়ে আদালত দু’জনের ফাঁসি এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ শামসুল আলম খান বুধবার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, টুটুল ও ফজলুর রহমান বাদল এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছে, গোলজার হোসেন, কবীর আহম্মেদ তুফান এবং আহাম্মদ আলী টাইগার।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২ জুন ব্যবসায়ী রনি, রুস্তম আলী ও বাদশা রিকশাযোগে আসার সময় ডেমরার কাজলা ব্রিজের কাছে একটি গাড়ির গ্যারেজের সামনে সাজাপ্রাপ্তরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে সাজাপ্রাপ্তরা রনিসহ তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। তবে রুস্তম ও বাদশা পালিয়ে চলে আসে। পরে রনিকে পার্শ্ববতী সিটি পল্লীতে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে রনির চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
