গত তিন মাসে প্রতিদিন ১০ টি শিশু হত্যা: এমএমসি রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে পৃথক সহিংস ঘটনায় সেপ্টেম্বর পর্যন্ত গত তিন মাসে প্রতিদিন গড়ে ১০ টি এবং সর্বমোট এক হাজার এক শিশু নিহত ও ৫৬৩ শিশু আহত হয়েছে।
সারা দেশ থেকে প্রকাশিত ১২ টি জাতীয় দৈনিক ও ১৯৬ টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) পরিচালিত পর্যবেক্ষণ থেকে এ তথ্য পাওয়া যায়।
রিপোর্টে বলা হয়, সারা দেশে এ সময় এক হাজার ৭৪১ টি ঘটনায় এক হাজার ৭৮১ টি শিশু সহিংসতার শিকার হয়েছে।
অক্টোবর ২০০৫-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়, দুষ্কৃতিকারী ও বিভিন্ন সামাজিক অপরাধী দলের হাতে যৌন নির্যাতনসহ শিশু নির্যাতন সংক্রান্ত সহিংস ঘটনায় ৩১৬ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৩২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ২০০৫ সালের জুলাইয়ে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছিল, শিশুদের যৌন নির্যাতনের ক্ষেত্রে মাদ্রাসা ও স্কুল শিক্ষকরা জড়িত ছিল। কিন্তু অক্টোবরের রিপোর্টে দেখা যাচ্ছে, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী ও যৌনবিকৃতি সম্পন্ন লোকদের হাতে শিশুরা নির্যাতিত হচ্ছে।
জুলাইয়ের রিপোর্টে দেখা গেছে, পূর্ববর্তী তিন মাসের তুলনায় পরবর্তী তিন মাসে শিশু নির্যাতনের হার বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে মাসে রিপোর্টে বলা হয়েছিল, সে সময় ৪২৬ টি শিশু নির্যাতনের শিকার হয়েছিল এবং মারা গিয়েছিল ৩২ টি শিশু।
ভৌগলিক এলাকা বিবেচনায় রাজশাহী বিভাগে শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে।
বিভিন্ন দুর্ঘটনায় ৭৪৬ টি শিশু নিহত এবং ১০৮ টি শিশু আহত হয়েছে। তন্মধ্যে ২১৯ টি শিশু সড়ক দুর্ঘটনায়, ৪১৩ টি পানিতে ডুবে এবং বাকি ১১৪ টি অন্যান্য দুর্ঘটনায় মারা গিয়েছে।
শিশু অপহরণ আশংকাজনক হারে শিশু অধিকার লংঘন করেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে ২০৮ টি শিশু অপহৃত হয়েছে। তন্মধ্যে ১২৮ টি বালিকা শিশু।
রিপোর্টে বলা হয়, জোরপূর্বক বিবাহ, পাচার ও পূর্বশত্রুতাই বালিকা শিশু অপহরণের অন্যতম প্রধান কারণ।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, পারিবারিক বিরোধ এবং পূর্বশত্রুতার কারণে এ সময় ১৪ টি শিশু এসিড সন্ত্রাসের শিকার হয়েছে।
রিপোর্টে বলা হয়, ১৩৫ টি শিশু আত্মহত্যা করেছে। এছাড়া ৯৬ টি শিশু অপহৃত হয়েছে। অবশ্য অপহৃতদের মধ্যে ৪৩ টি শিশুকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে আরও ৫৪ টি শিশু নিখোঁজ হয়েছে।
উল্লেখিত বিষয় ছাড়াও বিভিন্ন সহিংসতার শিকার হয়ে ৮৪ টি শিশু নিহত ও ২২৮ টি শিশু আহত হয়েছে। অধিকাংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জমিজমা ও পারিবারিক বিরোধের কারণে।
