জয়পুরহাটে মন্দিরের জমি বেদখল
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাকিনা গ্রামের হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের দু’শ বছরের পুরনো কালীমন্দির, শ্মশানঘাট, সমাধীস্থল প্রভাবশালী মহলের সহযোগিতায় ভুয়া ভূমিহীনরা দখল করে নিচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের অভিযোগে জানা গেছে, একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় ভুয়া ভূমিহীনরা স্থায়ীভাবে ভূমি দখল করছে।
তারা আরও জানায়, ওই প্রভাবশালী মহল আদালতের রায় অবমাননা করে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে বাড়িঘর নির্মাণ শুরু করেছে।
ঘরবাড়ি নির্মাণ অব্যাহত থাকায় এবং যেকোনও মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় অনন্তকুমার চক্রবর্তী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন করেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম রব্বানি এবং নাজমুন আরা সুলতানা ওই জায়গার ওপরে নিষেধাজ্ঞা জারি করেন এবং অনন্তকুমার চক্রবর্তীকে কোনরকম হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এদিকে ওই এলাকার হিন্দু জনসাধারণ যেন স্বাধীনভাবে কালীমন্দির ব্যবহার করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেজন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।
১৯৯৪ সালের শুরুতে বিএনপি সরকার হিন্দু সম্প্রদায়ের ওই সম্পত্তিতে ‘আদর্শ গ্রাম’ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু জেলা প্রশাসক বাস্তবতা উপলব্ধি করে এবং ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তৎকালীন সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিল করে দেন।
