২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মন্দিরে পুলিশের চাঁদাবাজির চেষ্টা, সংখ্যালঘু নেতা প্রহৃত, দারোগাসহ ২ পুলিশ প্রত্যাহার

বাগেরহাটের যাত্রাপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী দারোগাসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কোমরপুর সার্বজনিন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদককে প্রহৃত করার প্রতিবাদে

পূজা উদযাপন বন্ধ রাখা হলে পুলিশ সুপারের নির্দেশে সোমবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।

চাঁদা আদায় করতে যেয়ে মন্দির কমিটির সদস্যদের সাথে বাক বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা মন্দির কমিটির অসীম দেবকে প্রহার করে এবং এর প্রতিবাদে তারা পূজা উদযাপন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

প্রত্যাহারকৃত এই দুই পুলিশ সদস্য হচ্ছেন ঐ ক্যাম্পের ইনচার্জ সহকারী দারোগা বারিউজ্জামান এবং আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) এক কনস্টেবল। মঙ্গলবার বিকালে বাগেরহাট পুলিশ লাইন ও সদর থানায় যোগাযোগ করে ঐ এপিবিএন সদস্যের নাম চেষ্টা করেও জানা যায়নি।

সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্যরা জানান, সোমবার ভোর রাতে ক্যাম্প ইনচার্জ বারিউজ্জামান ক্যাম্পের ঐ কনস্টেবলসহ মন্দির পরিদর্শনে যেয়ে সেখানে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের সেহেরী খাওয়ার জন্য চাঁদা দাবি করেন। এক পর্যায়ে মন্দির কমিটির সদস্যরা এ বিষয়ে কথা বলতে সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক অসীম দেবকে বাড়ি থেকে ডেকে আনে। তারা আসার পর এ ধরণের কোন চাঁদা দিতে অস্বীকার করার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। এ সময় ঐ দুই পুলিশ সদস্য তাদের কাছে থাকা রাইফেলের বাট দিয়ে অসীমকে প্রহার করে।

এ ঘটনায় ক্ষুব্ধ মন্দির কমিটির সদস্যরা মন্দিরে পূজা বন্ধ রেখে জেলা নেতৃবৃন্দের মাধ্যমে সোমবার সকালে পুলিশ সুপারকে বিষয়টি জানান।

বাগেরহাটের পুলিশ সুপার এম. মোস্তফা কামাল বলেছেন, অভিযোগটির আংশিক সত্যতা আছে। ঘটনা সম্পর্কে জানার পর সোমবার সন্ধ্যায় তিনি মন্দির পরিদর্শন করেছেন। স্থানীয়দের ক্ষোভ নিরসনে ঐ দুই পুলিশ সদস্যকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।