২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার ক্রসফায়ারে নিহত

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার আসলাম হোসেন গোলদার (৩৫) পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আসলাম গোলদারের নামে নিজ বোন ও ভগ্নিপতি হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে। আসলাম নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির মৃনাল গ্রুপের অন্যতম ক্যাডার ছিল। মঙ্গলবার সকালে তার নিহত হওয়ার সংবাদে এলাকাবাসী আনন্দ মিছিল বের করে।

ডুমুরিয়া থানা পুলিশ জানায়, এসআই আজমল হুদার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাত ১১টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে আসলাম গোলদারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরপরই ডুমুরিয়া থানায় জিজ্ঞাসাবাদকালে সে তার কাছে রক্ষিত অস্ত্রের কথা স্বীকার করে।

সোমবার রাত দুইটার ডুমুরিয়া থানা পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বের হয়। সাজিয়াড়া পূজা মন্দিরের মাঠের কাছে বটতলা ন্মাক স্থানে পৌছালে আসলামকে ছিনিয়ে নিতে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময়ে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষনের সময় ক্রসফায়ারে আসলাম নিহত হয়।

পুলিশ আরও জানায়, সন্ত্রাসীদের সঙ্গে তাদের ৩০ মিনিট বন্ধুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তারা একটি দোনালা বিদেশী বন্দুক, দুই রাউন্ড বন্দুকের গুলি ৩ রাউন্ড গুলি খোসা উদ্ধার করেছে।

নিহত আসলাম গোলদারের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় আপন বোন ফাতেমা ও ভগ্নিপতি সাবেক পুলিশ সদস্য মুজিবর, যুবদল নেতা মান্নান গাজী ও আনোয়ার হত্যার অভিযোগে মামলা রয়েছে।