কঠোর নিরাপত্তার মধ্যে দুর্গাপূজা: কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনা
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও দেশের কয়েকটি জেলায় পূজামণ্ডপে অপীতিকর ঘটনার খবর পাওয়া গেছে।
বিডিনিউজের রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলায় ২৫১টি পূজামণ্ডপ তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে অর্ধ শতাধিককে হামলার ঝুঁকির মুখোমুখি হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা থানার কালুখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন রতনদিয়া ইউনিয়নের মালিয়াটে সরকার বাড়িতে শুরু হয়েছে দুর্গা উৎসব। এখানে মহাভারতের কাহিনী অবলম্বনে কুরুক্ষেত্রের যুদ্ধ ও দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব সংক্রান্ত ২৬২টি মূর্তি তৈরি করা হয়েছে।।
এছাড়া এখানে বড় ধরনের দু’টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে পাংশা থানার মদাপুরে ১৫২ এবং রাজবাড়ী সদর উপজেলার বেলগাছির পুরাতন বাজারে সার্বজনীন পূজামণ্ডপে ১৬০ খণ্ডের প্রতিমা। এসব প্রতিমা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সমাগম ঘটতে শুরু করেছে।
পুলিশ, আনসার ও র্যাবের পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। মন্দির কমিটির নেতারাও নিজস্ব নিরাপত্তার জন্য নিয়োগ করেছে স্বেচ্ছাসেবক বাহিনী।
এদিকে বিডিনিউজ-এর ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার পীরগঞ্জ উপজেলাধীন সাতটি পূজা মণ্ডপের জমি জবরদখল করার প্রতিবাদে মূর্তি কালো কাপড় ঢেকে দিয়ে পূজা উৎসব পালন করা হচ্ছে। এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে কোনও আনন্দ-উৎসব নেই।
পূজামণ্ডপে জমি জবরদখল করার ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
জানা যায়, জেলার পীরগঞ্জ উপজেলায় নাককাটি হাটের ৪৬৩ দাগে দশমিক ৪৭ শতক জমি নাককাটি দুর্গামন্দিরের অধীনে রয়েছে। এর মধ্যে একটি তহশিল অফিস ১৯৭৮ সালে স্থাপন করা হয়। অবশিষ্ট জমি দুর্গা মন্দিরের অধীনে রয়েছে।
দুর্গা মন্দিরের সম্মুখ ভাগে এলাকার মোহাম্মদ সামসুল হুদা, মোহাম্মদ গুলজার আলী, মোহাম্মদ বারিউল ইসলাম, মোহাম্মদ খয়রাত আলী জবরদখল করে রাতের আধাঁরে পাকা ঘর নির্মাণ করে। এ ব্যাপারে আদালতে মামলা চলছে।
অভিযোগে আরও জানা যায়, প্রায় এক মাস আগে মন্দিরের মূর্তি কে বা কারা রাতের আঁধারে ভেঙে ফেলে এবং মন্দিরটি তছনছ করে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আখতার আলী সরকার বিডিনিউজকে জানান, মন্দিরের জায়গা অবৈধ দখলকারীদের মধ্যে চারজনকে উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট দু’জনের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমাদের পিরোজপুর প্রতিনিধি জানান, জেলার নাজিরপুর এলাকার পূজা মণ্ডপগুলোতে দেওয়া সরকারি অনুদানের চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন পূজামণ্ডপের কমিটির সদস্যরা এ অভিযোগ করেন।
দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ সংস্কারের জন্যে পিরোজপুর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় ২০ টন চাল অনুদান দেওয়া হয়। জেলা পূজা উদযাপন পরিষদ এ চাল উত্তোলন করে তা বিক্রি করে দিয়ে পূজামণ্ডপগুলোতে তাদের ইচ্ছামতো নগদ টাকা দিচ্ছে।
জানা গেছে, বিভিন্ন পূজামণ্ডপে টাকা দেওয়া হচ্ছে। সোমবার জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা মাইক্রোবাসযোগে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এসব অর্থ বিতরণ করছে।
পূজা কমিটির লোকজন অভিযোগে জানান, কালো বাজারে সরকারি অনুদানের চাল অধিক মূল্যে বিক্রি করে অপেক্ষাকৃত কম টাকা পূজামণ্ডপগুলোতে দেওয়া হচ্ছে।
অন্যদিকে সকল পূজামণ্ডপগুলোতে সমানভাবে টাকা বিতরণ করা হচ্ছে না। টাকা বিতরণে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হচ্ছে।
এদিকে পূজামণ্ডপের নেতারা জানায়, পূজা পরিষদের জেলা নেতারা এ চাল বিক্রয় করার কোনও নিয়ম নেই। বিগত দিনগুলোতে পূজামণ্ডপের কমিটির মাধ্যমে চাল দেওয়া হত।
