২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমছে না এসিড সন্ত্রাস, অবৈধ বিক্রি বন্ধে মনিটরিং ব্যবস্থা নেই

সন্ত্রাস ও অপরাধ দমনে ব্যাপক সাফল্যের কৃতিত্ব দাবি করলেও জোট সরকারের শাসনকালের চার বছরে সারা দেশে শুধুমাত্র এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ১২৫৪ জন যার সিংহ ভাগই নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

পাশাপাশি, দেশে চিকিৎসার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় এসিডদগ্ধ নারী পুরুষকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০০১ সালে এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ২৩৬ জন। ২০০২ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ তে। ২০০৩ সালে ২৯৪ ও ২০০৪ সালে ১৮৮ জন এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। আর চলতি বছরের প্রথম নয় মাসেই এ সংখ্যা ১৭৫।

এসিড দগ্ধ হয়ে ২০০৩ সালে মারা গেছে পাঁচ জন। ২০০১, ২০০২ এবং ২০০৪ সনে এ কারণে কোনো মৃত্যুর রেকর্ড না থাকলেও এ বছর ইতোমধ্যে চারজন এ কারণে মারা গেছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০০০ সালে এসিড আক্রান্তের সংখ্যা ১৮৬ জন থেকে প্রতি বছর তা বেড়েই চলেছে।

এসিড অপরাধ আইন ২০০২ অনুযায়ী এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড। সূত্র মতে, আইনি জটিলতা ও জোরালো সাক্ষ্যপ্রমাণের অভাবে অধিকাংশ ক্ষেত্রে নিম্ন আদালতেই এসিড নিক্ষেপ মামলাগুলোর অকালমৃত্যু ঘটে। কয়েকটি কেসে নিম্ন আদালতে মৃত্যুদন্ডের রায় হলেও উচ্চ আদালতে সেসব রায় খারিজ হয়ে গেছে বলে জানা যায়।

এসিড আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার একটি বার্ন ইউনিট থাকলেও পর্যাপ্ত লোকবলের অভাবে এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া এ ধরনের চিকিৎসা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত দরিদ্ররা যথাযথ চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

এ ব্যাপারে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সমন্বয়ক মাহবুবা হক কুমকুম বিডিনিউজকে জানান, অবৈধ এসিড বিক্রি রোধ করতে না পারায় এ প্রবণতা কমছে না। অবৈধভাবে এসিড বিক্রিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হলেও এ পর্যন্ত এ কারণে কারো শাস্তি পাওয়ার কথা শোনা যায়নি।

তিনি আরও বলেন, এসিড সন্ত্রাস কমাতে হলে এর অবৈধ বিক্রি বন্ধ ও মনিটরিং ব্যবস্থা আরও কঠোর করতে হবে।