২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পবিত্র রমজান এবং দুর্গাপূজার সময়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 02:59 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিডিনিউজ-এর ফরিদপুর প্রতিনিধি জানান, জেলায় বিদ্যুৎ ঘাটতির পরিমাণ ৫৬ দশমিক ৫৬ ভাগ। অব্যাহত লোডশেডিংয়ের ফলে রোজাদারদের সময়মত ইফতার, মাগরিব এবং এশার নামায আদায়েও সমস্যা হচ্ছে।

অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী, ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের অপারেশন বিদ্যুৎ বিভ্রাটের জন্যে ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এ জেলায় প্রতিদিন বিদ্যুতের মোট চাহিদা ৪০ থেকে ৪৫ মেগাওয়াট। কিন্তু ফরিদপুর গ্রিড সাব স্টেশন সরবরাহ পায় মাত্র ১৫ থেকে ২০ মেগাওয়াট। এটি মোট চাহিদার মাত্র ৪৪ দশমিক ৪৪% অংশ। এ কারণে বাধ্য হয়ে বিদ্যুতের রেশনিং করে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে।

পিডিবি সূত্র আরও জানায়, ফরিদপুর শহরের ঝিলটুলী, গোয়ালচামট এবং কোমরপুর সাব স্টেশনের ১২টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ সরবরাহ করছে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় তিনটি ৩৩ কেভির ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও তা চাহিদা তুলনায় খুবই অপ্রতুল।

পিডিবি’র নির্বাহী প্রকৌশলী ইউসুফ তারিক বিডিনিউজকে জানান, সরবরাহ না বৃদ্ধি পেলে বিদ্যুতের লোডশেডিং বন্ধ হবে না।

এদিকে বিডিনিউজ-এর শেরপুর প্রতিনিধি জানান, অব্যাহত লোড শেডিংয়ের এর ফলে শেরপুরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎবিভ্রাটের কারণে জেলার নালিতাবাড়ী, নাকলা, শ্রীবরদী এবং ঝিনাইগাতী উপজেলায় রাতের বেলায় এক ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় এ জেলার ব্যবসা-বাণিজ্য এবং কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগে জানান, বিদ্যুতের এ দুরাবস্থার জন্যে তারা সময়মত ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করতে পারছে না।

শেরপুরের পিডিবি সূত্র বিডিনিউজকে জানায়, বর্তমানে শেরপুরে প্রতিদিন বিদ্যুতের চাহিদা কমপক্ষে ১৩ মেগাওয়াট। অথচ জামালপুর সাব স্টেশন ৪/৫ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।

তারা আরও জানায়,জামালপুর গ্রিড সাব স্টেশনে আন্ডার ফ্রিকোয়েন্সি যন্ত্র স্থাপন করায় ফ্রিকোয়েন্সি কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে এখানে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ফলে অন্ধকারে ডুবে যায় শেরপুর জেলা শহরসহ পাঁচটি উপজেলা।

এদিকে পিডিবি’র শেরপুর সাব স্টেশনের কর্তব্যরত কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্যে গ্রাহকগণ দাবি জানাচ্ছেন। অন্যথায় সাব স্টেশনে হামলা করা হবে বলে গ্রাহকরা টেলিফোনে হুমকি দিচ্ছেন।

বিডিনিউজ-এর রাজবাড়ী প্রতিনিধি জানান, পবিত্র মাহে রমযানে সন্ধ্যায় বিদ্যুৎবিভ্রাট মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

এদিকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্যবসায়ীরা বেচাকেনায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে রাজবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী বিডিনিউজকে জানান, এ জেলায় পল্লী বিদ্যুৎসহ চারটি উপজেলায় বিদ্যুতের প্রয়োজন ১২ মেগাওয়াট। কিন্তু তারা সরবরাহ করতে পারছে মাত্র পাঁচ মেগাওয়াট।

এ কারণে বিদ্যুৎ রেশনিং করে সরবরাহ করায় এ বিভ্রাট দেখা দিচ্ছে।