২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ টাকার চালে অনিয়ম: রাজশাহীর চারঘাটে চেয়ারম্যান অবরুদ্ধ

চার টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ক্ষুব্ধ জনতা এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোলা বাজারে চাল বিক্রির সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে শনিবার সকাল ছ’টা থেকে দুঃস্থদের মাঝে প্রতি কেজি চার টাকা করে চাল বিক্রির কথা ছিল। সে অনুযায়ী ছয়টি ওয়ার্ডের ছয়শ’ জন লোক চাল নিতে আসে।

ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল এসময় ছয় কেজির জায়গায় জনপ্রতি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি করে চাল দেওয়া শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাল নিতে আসা জনগণ এক ঘন্টা চেয়ারম্যানকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে চারঘাট থানা পুলিশ এসে চেয়ারম্যানকে উদ্ধার করে।

চাল কম দেওয়ার প্রতিবাদে রোববার বিক্ষুদ্ধ এলাকাবাসী চারঘাট উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দিয়েছে।