২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জাহাজ ধর্মঘট

শুক্রবার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাইটারেজ জাহাজ ধর্মঘট শুরু হচ্ছে। লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

চট্টগ্রাম বন্দর চ্যানেলে সাড়ে ২৬ হাজার মেট্রিকটন গম বোঝাই ২৪টি লাইটারিং জাহাজ থেকে গম খালাসের দাবিতে রোববার চট্টগ্রাম প্রেসকাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

চট্টগ্রাম বন্দরে বর্হিনোঙ্গর ও অভ্যন্তর থেকে একলাখ টন পণ্য দেশের বিভিন্ন এলাকায় লাইটারিং করা হয়। বন্দরে প্রায় ৫০০ লাইটারিং জাহাজ কর্মরত আছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সভাপতি শেখ মোহাম্মদ ইছা মিয়া।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভারত থেকে এমভি শেলটেক জাহাজে আমদানি করা ৩০হাজার মেট্রিক টন গম ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে এসে পৌঁছে। জাহাজের শিপিং এজেন্ট ও আমদানিকারক পরিবহণ ঠিকাদারের মাধ্যমে ৩০টি লাইটারিং জাহাজ নিয়োগ করে গম খালাসের জন্য। কিন্তু ৬টি জাহাজ থেকে গম খালাসের পর আমদানিকারক ও শিপিং এজেন্ট গমগুলো নষ্ট বলে খালাস বন্ধ করে দেয়।

এতে বলা হয়, দীর্ঘ দিন গম ভর্তি অবস্থায় অলস বসে থাকার পর লাইটারেজ জাহাজের মালিকরা গম খালাসের জন্য হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট রপ্তানিকারক প্রিয়াংকা ওভারসীজের তত্ত্বাবধানে কাষ্টমসের গুদামে গম খালাসের নির্দেশ দেয়। কিন্তু এখন পর্যন্ত এই গম খালাসের উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন খাবার অযোগ্য গম থাকায় এই জাহাজগুলোর পরিবেশ মারাত্মকভাবে দুষিত হয়ে পড়েছে। ২৪টি জাহাজের সাড়ে ৩০০ নাবিক বিভিন্ন ধরনের অসুখে ভুগছে। গত কয়েকমাস শ্রমিকরা কোনো বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।