বাগেরহাটে অপহরণের পর এক মহিলাকে জবাই ও পেট কেটে হত্যা
বাগেরহাটে মনোয়ারা বেগম মনু (৩২) নামে তিন সন্তানের এক জননীকে অপহরণের পর নৃশংসভাবে গলা ও পেট কেটে হত্যা করা হয়েছে। রোববার ভোরে বাগেরহাট পুলিশ অফিসের সামনের একটি ধান ক্ষেত থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার বিকেলে তাকে অপহরণ করা হয়।
নিহতের বড় বোন সুফিয়া বেগম বাদী হয়ে মনুর স্বামীসহ চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ আসমা বেগম (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত মনু কলাবাড়িয়া বিষ্টুপুর এলাকার সিপার মিঞার স্ত্রী এবং বাগেরহাট পৌরসভা সংলগ্ন গোবরদিয়া এলাকার জয়েন উদ্দিনের কন্যা। স্বামীর সাথে মনোমালিন্যের কারণে সে তিন শিশু পুত্রকে নিয়ে গোবরদিয়ায় বাবার বাড়ি থাকতো এবং বাড়ি বাড়ি শাড়ি কাপড় বিক্রি করতো।
নিহতের পরিবার এ ঘটনার জন্যে তার স্বামীকে দায়ী করছে। সূত্র জানায়, দুর্গাপূজা ও ঈদ উপলক্ষে কাপড় কেনার জন্যে মনু গত বৃহস্পতিবার স্থানীয় একটি সঞ্চয়ী সমিতি থেকে বেশ কিছু টাকা ঋণ তুলে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। এর পর রোববার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
লাশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী পুলিশ জানায়, লাশের গলা কাটা এবং বুক থেকে তলপেট পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে ফাড়া হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
