২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে র‌্যাবের হাতে সোর্স গ্রেপ্তার

কক্সবাজার ও দ্বীপ উপজেলা মহেশখালীসহ জেলার বিভিন্ন স্থানে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে নিরীহ লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় ও আত্মসাতের অভিযোগে মুজিবুল হক বাদল নামের এক র‌্যাব সোর্সকে গ্রেফতার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শুক্রবার দুপুরে কক্সবাজারের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সূত্র মতে, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আবুল হাশেমের পুত্র মুজিবুল হক বাদল গত এক বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে নিরীহ লোকদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আসছিল। সে গত সপ্তাহেও মহেশখালীর বিরোধপূর্ণ হেতালিয়াঘোনায় নিজে অস্ত্র রেখে র‌্যাবের মাধ্যমে উদ্ধার নাটক করেছে বলেও অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, র‌্যাবের নিজস্ব তদন্তে মুজিবুল হক বাদল এক পক্ষের কাছ থেকে চাঁদা নিয়ে অপর পক্ষকে ফাঁসাতে হেতালিয়াঘোনার চিংড়ি ঘেরে অস্ত্র রেখে র‌্যাবকে খবর দিয়েছিল বলে প্রমাণিত হয়। এছাড়াও গত মাসে প্রতিপক্ষের সাথে আতাঁত করে এই মুজিবুল হক বাদল সদর উপজেলাধীন ভারুয়াখালীর সাবেক মেম্বার আবুল কাশেমকে গ্রেফতার করায়। এ ঘটনার ব্যাপারেও ভুক্তভোগীরা র‌্যাবের কাছে অভিযোগ দায়ের করেছে। এ ধরনের একের পর এক অভিযোগ পাওয়ার পর তার সত্যতা পাওয়ায় শুক্রবার র‌্যাব সদস্যরা মুজিবুল হক বাদলকে কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় দু’টি মামলা রয়েছে।