পঞ্চগড়ে আখক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
পঞ্চগড় থানার পুলিশ শহরতলীর তেলিপাড়া এলাকার একটি আখক্ষেত থেকে সোহরাব আলী (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত সোহরাব পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাজারদেহা নাককাটি গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। পুলিশ ধারণা করছে, প্রেম ঘটিত বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহরাব দীর্ঘ ৪ বছর ধরে তার ফুফা তেলিপাড়ার আবু হাসান নুরীর বাসায় থাকতো। সেখান থেকে সে লেখাপড়ার পাশপাশি পঞ্চগড় জেম জুটমিলে পার্ট টাইম কাজ করতো। ৪ অক্টোবর দুপুরের পর থেকে তাকে খুঁেজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে পঞ্চগড় চিনিকলের লোকজন আখ কাটতে গেলে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আখক্ষেত থেকে লাশ উদ্ধার করে। সোহরাবের ফুফু ও আত্মীয়-স্বজনরা পরে লাশ সনাক্ত করেছে। পুলিশ ময়না তদন্তের জন্য তার লাশ পঞ্চগড় মর্গে পাঠিয়েছে। পঞ্চগড় থানার ওসি ইলিয়াছ ফকির জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
