দেশ জুড়ে বোমা হামলায় জড়িত সন্দেহে আরও ৫ জন গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ অব্যাহত
সারা দেশে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্র ও শনিবার সন্দেহভাজন সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, পুলিশ জেলার কালাই থানার বাখরা ও করিমপুর গ্রাম থেকে আব্দুল মুমিন (৩০) ও আ. সাত্তারকে (৪০) গ্রেপ্তার করে। অন্যদিকে ক্ষেতলাল থানা পুলিশ দাসড়া কাজিপাড়া গ্রামের হাবিবুল্লাহ দেওয়ান (২৮) এবং দৌলতপুর গ্রামের সাগরকে (৩০) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে জেএমবি, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ এবং বোমা বিস্ফোরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
বিডিনিউজ নেত্রকোনা প্রতিনিধি জানান, পুলিশ জেলার গৌরিপুর উপজেলার মাউহা ইউনিয়নের নিচ মাউহা গ্রাম থেকে শুক্রবার ভোরে জেএমবি ও আহলে হাদীসের সদস্য আমান উল্লাহ আকন্দ ওরফে সানাউল্লাহকে (২৫) গ্রেপ্তার করেছে। সে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র।
সে নেত্রকোনায় ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
