২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা মণ্ডপে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

দুর্গাপূজা মণ্ডপে হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বিডিনিউজের ফরিদপুর প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে দুর্গাপ্রতিমা ভাংচুরের প্রতিবাদে এবং দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার দাবিতে শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধ ঘণ্টার মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগি সংগঠন ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রফিকুজ্জামান, ননী গোপাল রায়, অ্যাডভোকেট বিমল তুলসিয়ান, তুষার দত্ত প্রমুখ। বক্তারা দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বাসদ’র (খালেক) এক বিবৃতিতে খুলনা, যশোর, ফরিদপুর, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দুর্গাপূজার প্রতিমা ভাংচুর ও মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দুর্গাপূজার মাত্র দুদিন আগে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের ঘটনা আবারও প্রমাণ করলো বিএনপি-জামাত জোট সরকার মৌলবাদ-সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা।

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ভোররাতে একদল দুষ্কৃতিকারী জেলার উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের শ্রী শ্রী কালীমন্দিরে রক্ষিত কালীপ্রতিমা ভাঙচুর করেছে। শারদীয় দুর্গাপূজার আগে এ ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।