রোববার শারদীয় দুর্গোৎসব শুরু
ষষ্ঠি পূজার মধ্যে দিয়ে রোববার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। ষষ্ঠি পূজার মধ্য দিয়ে সূচিত হবে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।
শারদীয় এ উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরই মধ্যে পড়ে গেছে সাজ সাজ রব। পূজা মণ্ডপগুলোতে এরই মধ্যে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে। সোমবার মহালয়ার মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। শনিবার বোধনে খুলে যায় দেবী দুর্গার অন্তর্ভেদী দৃষ্টি।
রোববার খড়গ-কৃপাণ, চক্র-গদা, তীর-ধনুক আর ত্রিশুল নিয়ে দেবী দুর্গা শক্তিরূপে মহিষাশুর বধ করে মণ্ডপে মণ্ডপে ঠাঁই করে নেবেন। ধূপ-ধোঁয়া, পূজা-অচর্না আর ঢাক-ঢোল-কাঁসরের বাজনায় সরব হয়ে উঠবে মণ্ডপগুলো। এটি ধর্মীয় উৎসব হলেও পূজার মেলাকে কেন্দ্র করে শারদীয় উৎসব হয়ে উঠবে সকল ধর্ম ও মতের সামাজিক মিলন মেলা।
নাশকতার আশংকায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন পূজা মণ্ডপে পুলিশী নিরাপত্তা ও র্যাবের টহল নিশ্চিত করা হয়েছে।
তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিমা ভাংচুরের খবর এরই মধ্যে অনেকটাই ম্লান করে দিয়েছে পূজার আনন্দ।
