চট্টগ্রাম সিটি করপোরেশন চক্ষু সেবা প্রকল্প চালু করছে
আন্তর্জাতিক চক্ষু সেবাদানকারী প্রতিষ্ঠান অরবিসের আর্থিক ও কারিগরি সহায়তায় চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ‘প্রাইমারি আই স্ক্যানিং’ নামে চক্ষু সেবাদান প্রকল্প চালু করতে যাচ্ছে।
সিসিসি সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পটি চালু হবে। অরবিস এ প্রকল্পের জন্যে ৬ কোটি ৫০ লাখ টাকা দেবে।
অরবিসের একটি প্রতিনিধি দল আগস্টে সিসিসির মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।
ইতোমধ্যে প্রাইমারি আই স্ক্যানিং প্রকল্পটি সিসিসি স্বাস্থ্য বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের (ইউপিএইচসিপি) দ্বিতীয় পর্যায়ে অর্ন্তর্ভুক্ত করা হয়েছে।
সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরফরাজ খান চৌধুরী বিডিনিউজকে জানান, শুরুতে আই স্ক্যানিং প্রকল্পের আওতায় চোখের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। বিশেষ করে নবজাতক শিশুদের চক্ষু সমস্যার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পরবর্তীতে এটি একটি আধুনিক চক্ষু হাসপাতালে পরিণত হবে বলেও তিনি উল্লেখ করেন।
সিসিসি স্বাস্থ্য বিভাগ আরও জানায়, নগরীর মাদারবাড়ি এলাকায় অবস্থিত ইউপিএইচসিপি’র পাশে এ আই স্ক্যানিং প্রকল্পটি স্থাপন করা হবে।
অরবিস এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তার পাশাপাশি ডাক্তার এবং নার্সদেরও প্রশিক্ষণ দেবে।
