দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারীর বন্যা পরিস্থিতির উন্নতি, নওগাঁয় অবনতি
উত্তরবঙ্গের দিনাজপুর, নীলফামারীসহ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নওঁগাসহ কিছু জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের কিছু অংশে বন্যা পরিস্থিতির উন্নতি এবং দু’টি উপজেলায় অবনতি হয়েছে।
এদিকে বন্যার পানি চলে যাওয়ার পর বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। ছড়িয়ে পড়েছে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ। তবে দুর্গত মানুষের জন্যে এখন উল্লেখযোগ্য ত্রাণ তৎপরতা শুরু হয়নি।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি ঘটেছে রৌমারী ও রাজিবপুর উপজেলায়। উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে ৫০ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে আধালাখ মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে দুই হাজার হেক্টর জমির আমন ধান।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলার ১১ টি উপজেলার ৮০ টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দি। বন্যার পানির কারণে শহরের সাথে অধিকাংশ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ আছে। বন্যা কবলিত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে দুর্গতরা। বন্যার কারণে জেলার সংবাদপত্র হকাররা শনিবার থেকে সংবাদপত্র বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নীলফামারী প্রতিনিধি জানান, বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে নীলফামারী জেলার দুর্গত হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দুর্গম অঞ্চলের বিভিন্ন আশ্রয়কেন্দ্রের খবর জেলা প্রশাসনে না থাকায় সেগুলোতে সরকারি কোন ত্রানও পৌঁছেনি। স্থানীয়ভাবে এসব আশ্রয়কেন্দ্রে যৎসামান্য চাল ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।
মাত্র ৯৫ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা দিয়ে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহষ্পতিবার সৈয়দপুরে দিপক চন্দ্র রায় নামে সাত বছরের একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যান্য এলাকায় পানি কমলেও সৈয়দপুরে পানি বৃদ্ধি অব্যহত থাকায় শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দেওয়ায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পানির প্রবল স্রোতে সৈয়দপুর-রংপুর ও সৈয়দপুর-দিনাজপুর সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে সড়ক দু’টি বিদ্ধস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মঙ্গাপীড়িত নীলফামারী জেলায় সরকারের ত্রাণ তৎপরতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি। বন্যার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তাকে তিনি ‘নাম মাত্র’ বলে উল্লেখ করে আরো ত্রাণ বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বন্যা দুর্গত নীলফামারী সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বন্যার পানি চলে যাওয়ার পর জেলার বিভিন্ন অঞ্চলে ডায়রিয়া ও ডিসেন্ট্রির ব্যাপক বিস্তার হয়েছে। গত সপ্তাহে ডায়রিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রসমূহ জানিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে জেলার প্রায় ৩ শত মানুষ।
দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতির আংশিক উন্নতি হয়েছে। তবে বিস্তার লাভ করেছে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ।
