ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: দীর্ঘ ৯ ঘন্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত রেলের বগি সরিয়ে নেওয়ায় ও ত্রুটিপূর্ণ রেলের ইঞ্জিন মেরামত হওয়ায় দীর্ঘ নয় ঘন্টা পর চট্টগ্রাম, সিলেট এবং নোয়খালী রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। রেল কর্মকর্তা সূত্র শুক্রবার এ খবর জানিয়েছে।
রেল যোগাযোগ বিঘ্নিত হওয়ায় বিভিন্ন স্টেশনে অপেক্ষমান ট্রেনের শত শত যাত্রী সারা রাত দুর্ভোগের শিকার হয়।
দুর্ভোগের শিকার মহিলা ও শিশুসহ অন্যান্য যাত্রীদের রাতে নিজ নিজ গন্তব্যে পৌছাঁনোর অন্য কোন উপায় ছিল না।
বাংলাদেশ রেলওয়ে’র পরিচালক মোস্তফা-ই-জামিল এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, মেরামতকারীরা সারারাত ধরে অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে পুনরায় রেল যোগাযোগ চালু করতে সক্ষম হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার রাতে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচলে বিঘ্ন ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চাঁদপুরগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এর ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে একটি মাত্র লাইন দিয়ে বিলম্বে ট্রেন চলাচল করছিল।
