২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১৮টি স’ মিল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত, সুন্দরবনের গেওয়া কাঠসহ ১ জন গ্রেপ্তার

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালত তিনটি উপজেলায় অভিযান চালিয়ে ১৮ টি স’ মিল সিলগালা করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এ সময় রামপালের একটি মিল থেকে সুন্দরবনের বেশ কিছু কর্তননিষিদ্ধ কাঠ উদ্ধার এবং ওই মিল মালিকের পুত্রকে গ্রেপ্তার করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগ অবৈধভাবে পরিচালিত স’ মিল উচ্ছেদের জন্যে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় বুধবার এ অভিযান চালায়।

সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক আবু নাসের মহসীন হোসেন জানান, বাগেরহাট সদর, ফকিরহাট ও রামপাল উপজেলা এলাকায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। রামপালের গুনাই ব্রিজ এলাকার আনিস উদ্দিন শিকদারের স’ মিল থেকে ৮৫টি গেওয়া গাছ এবং ১২৬ ঘন ফুট চেরাই করা গেওয়া কাঠ উদ্ধার করা হয়। ওই কাঠ রাখার অপরাধে আটক করা হয় মিল মালিকের পুত্র খলিলুর রহমান (৩৫)কে।

বিনা অনুমোদনে পরিচালনার কারণে সদর উপজেলার চুলকাঠি এলাকায় অবস্থিত খানপুর ইউপি চেয়ারম্যান তরফদার মনিরুজ্জামান, শেখ মুহা. মোশাররফ হোসেন, ফেরদৌস তরফদার, সাইদুর রহমান শেখ, লিয়াকত আলী শেখ এর স’ মিল বন্ধ করে দেওয়া হয়।

একই কারণে ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার আউয়াল, কাটাখালি এলাকার মো. মাসুম, আব্দুল হালিম ঢালি, হাওলাদার মো. মজিবর রহমান ও কাটাখালি স’ মিল, টাউন নওয়াপাড়া এলাকার শেখ গফফার আলম, রামপালের দলধা এলাকার আবুল আলি আকুঞ্জী, হাজী মো. সাহেব আলী আকুঞ্জী, মাহাতাব মোড়ল, রনসেন এলাকার হাসান শেখ, মাজাহারুল ইসলাম এবং গুনাই ব্রিজ এলাকার আনিস উদ্দিন হাওলাদারের স’ মিল বন্ধ করে দেওয়া হয়েছে।