২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া বিও অ্যাকাউন্ট মামলা: ডা. ইকবালসহ ৭জনের বিরুদ্ধে সমন

ভুয়া বিও অ্যাকাউন্ট মামলায় সাবেক আওয়ামী লীগ সাংসদ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাঃ এইচ. বি.এম ইকবাল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল মজিদসহ সাত জনের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা মামলায় সমন জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে এসইসি অধ্যাদেশের আওতায় মামালাটি দায়ের করেছেন কমিশনের পরিচালক মিজানুর রহমান।

মামলায় অভিযুক্ত অন্যরা হলেন, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ নওশের আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম চৌধুরী, প্রথম নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান মুকুল, সাবেক নির্বাহী পরিচালক সাইদুর রহমান এবং ইকুইটি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গত বছরের ২৬ নভেম্বর স্টক এক্সচেঞ্জে অভিযুক্ত প্রতিষ্ঠানটি ১শ টাকা হারে ৫৫ লাখ ৭৫ হাজার ৪৯৭টি শেয়ার ইস্যুর জন্য আবেদন করে। এ বিষয়ে একটি প্রসপেকটাস পত্রিকায় প্রকাশিত হয়। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদা সংগ্রহের তারিখ ধার্য করা হয়। কিন্তু ১৬ জানুয়ারি পর্যন্ত অভিযুক্তরা নিয়ম অনুযায়ী কোন বিও না খুলে ১৭ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ হাজার বিও খোলে। এগুলোর অধিকাংশই সন্দেহজনক। পরে এ ব্যাপারে তদন্ত কমিটি জনসাধারণের কাছ থেকে প্রিমিয়ার ব্যাংকের চাঁদা সংগ্রহ স্থগিত করে দেয়। পরে তদন্তে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে অভিযুক্তরা ২৬ হাজার ভুয়া অ্যাকাউন্ট খুলেছে বলে প্রমাণ পাওয়া যায়।

আদালতে বাদির জবানবন্দি শেষে ঢাকার মহানগর হাকিম মোঃ মিজানুর রহমান অভিযুক্তদেরকে ১৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন দেন।