২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে উঠছে ‘এইডস ঝুঁকিপূর্ণ’ স্থান

‘সুরক্ষিত’ ঢাকা কেন্দ্রীয় কারাগার অবাধ যৌন ব্যবসার কারণে ‘এইডস ঝুঁকিপূর্ণ’ স্থানে পরিণত হচ্ছে।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

কারা সূত্র, গোয়েন্দা কর্মকর্তা, মুক্তিপ্রাপ্ত কয়েকজন আসামি এবং স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বাইরে থেকে সুরক্ষিত দেশের বৃহত্তম এ কারাগারে মাদকের সহজলভ্যতা একটি পুরনো বিষয়। কারাগারের বাইরে থেকে এক শ্রেণীর কারা কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয়। শুধু মাদকই না, দুর্নীতিগ্রস্ত কারা কর্তৃপক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে চলছে যৌন বাণিজ্যও।

এমনকি কারাগারে আটক কিশোর ও মহিলা কয়েদীদের সাথে থাকা শিশুদেরও যৌন কাজে ব্যবহারের গুরুতর অভিযোগও পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কারাসূত্র এবং মুক্তিপ্রাপ্ত কয়েকজন হাজতি বিডিনিউজকে জানান, এক শ্রেণীর কারারক্ষী, রাইটার এ অনৈতিক কাজে সরাসরি জড়িত।

‘এক শ্রেণীর উর্ধ্বতন কারা কর্মকর্তার প্রত্যক্ষ মদদে চলছে এসব ব্যবসা,’ তারা অভিযোগ করেন।

ফলে কারাগারের অভ্যন্তরে এইচআইভি ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কাই শুধু না, যেসব আসামি এই মরণ ভাইরাসে আক্রান্ত হবে, মুক্তি পাওয়ার পর তাদের মাধ্যমে ব্যাপকভাবে তা সমাজের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্ট সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে একজন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বিডিনিউজকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের পেছনের স্টাফ কোয়ার্টারে চলে এই যৌন ব্যবসা।

প্রভাবশালী আসামিরা তাদের ইচ্ছেমতো এক শ্রেণীর কারারক্ষী এবং রাইটারদের মোটা অংকের টাকার বিনিময়ে অবাধে যাতায়াত করে স্টাফ কোয়ার্টারের সেসব ঘরে। এটি ঢাকা কারাগারের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

‘সাধারণত স্টাফ কোয়ার্টারের কয়েকটি ঘরে কাজের মেয়ে পরিচয়ে একাধিক যৌনকর্মী বাস করে। জেলখানার প্রভাবশালী ব্যক্তিরা এই ব্যবসার সাথে সরাসরি জড়িত,’ গোয়েন্দা কর্মকর্তা জানান।

বাবুল (ছদ্মনাম) নামের মুক্তিপ্রাপ্ত এক আসামি বিডিনিউজকে জানান, জেলখানার ভেতরে রাইটাররা শিশুদের জোর করে যৌন কাজে ব্যবহার করে। এ বিষয়ে শিশু বা তাদের সাথে কারাভোগ করা মায়েরা প্রতিবাদ করতেও সাহস পায় না।

শুধু অনিরাপদ যৌন ব্যবসাই না, জেলের অভ্যন্তরে সিরিঞ্জের মাধ্যমে নেশাদ্রব্য গ্রহণও বাড়িয়ে দিয়েছে ‘এইডস’ ঝুঁকি।

এছাড়া নতুন আসা কয়েদি বা আসামিদের ত্রুুটিপূর্ণ মেডিকেল চেকআপ এ আশঙ্কাকে আরো প্রকট করে তুলেছে বলে সূত্র জানায়।

কেন্দ্রীয় কারাগারের সাবেক এক সুপার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানান, কারাগারে নতুন আসামি আসলে তাদের পরিপূর্ণ মেডিকেল চেকআপ করা হয় না। ফলে এদের মধ্যে কেউ এইচআইভি ভাইরাসে আক্রান্ত কি-না, তা সনাক্ত করাও সম্ভব হয় না। ফলে আগে থেকে আইচআইভি আক্রান্ত আসামিদের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে মরণব্যাধি এইডস।

নতুন কয়েদি বা হাজতিদের মেডিকেল চেকআপ প্রসঙ্গে জেল সুুপার ফজলুল হক বিডিনিউজকে জানান, নতুন কোনও হাজতি বা কয়েদি আসার পরদিন তার মেডিকেল চেকআপ করা হয়।

‘আসামির ওজন, উচ্চতা মাপার মধ্যেই মেডিকেল চেকআপ সীমাবদ্ধ থাকে। আসামির রক্ত পরীক্ষার কোনও ব্যবস্থা কারাগারে নেই,’ তিনি জানান।

জেল সুপার অবশ্য কারাগারে শিশুদের যৌন নিপীড়ন কিংবা পাশের স্টাফ কোয়ার্টারে যৌন ব্যবসার খবরের প্রতিবাদ করেন। তিনি বলেন, কিশোর অপরাধীদের আলাদা জায়গায় রাখা হয়। আর সাজাপ্রাপ্ত মহিলা আসামিদের শিশুরা মায়েদের সাথেই থাকে। ফলে যৌন নিপীড়নের কোনও সুযোগ নেই।

বর্তমানে ২,৮০০ ধারণ ক্ষমতার ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার কয়েদি ও হাজতি অত্যন্ত মানবেতরভাবে দিন কাটাচ্ছে। সরকার ১৯৯৯ সালে দেশের জেলা পর্যায়ের ৫৫টি, থানা পর্যায়ের ১৬টি এবং কেন্দ্রীয় পর্যায়ের নয়টি জেলে ধারণক্ষমতার বেশি বন্দি কমানোর সিদ্ধান্ত নিলেও এখনও তা কার্যকরী হয়নি।