২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজায় জঙ্গি হামলার আশংকা নাকচ করে দিলেন ধর্ম মন্ত্রী, তবে নিরাপত্তায় থাকবে র‌্যাব, পুলিশ, আনসার

আসন্ন দূর্গা পূজায় কোনও ধরনের জঙ্গি হামলার আশংকা নাকচ করে দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান বলেছেন, পূজার সাথে জঙ্গি ঘটনার কোনও সম্পর্ক নেই। তাই নিরাপত্তার জন্যে বিশেষ ব্যবস্থার কোনও প্রয়োজন নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তবে পূজার সময় যে কোনো ধরণের বিশৃংখলা এড়াতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী। এছাড়াও প্রতিটি জেলা সদরে র‌্যাব সদস্যরা থাকবে। তারা বিভিন্ন এলাকায় টহল দেবে।

ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় এবার দেশের বিভিন্ন স্থানে স্থানীয় ও ব্যক্তি উদ্যোগে প্রায় ২২ হাজার পূজা মণ্ডপ নির্মাণ হবে। শুধু ঢাকা মহানগরীতেই মণ্ডপ হবে ১৪৫টি।

পূজার মূল পর্ব শুরু হবে ৯ অক্টোবর দূর্গাষষ্ঠীর মধ্য দিয়ে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান গৌতম চক্রবর্তী আরো জানান, পূজা অনুষ্ঠানের জন্যে সরকার ট্রাস্টের মাধ্যমে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রায় ৪ হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরও পূজা অনুষ্ঠানের জন্যে সরকার ৩০ লাখ টাকা ও চার হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছিল। ওই বছর পূজা মণ্ডপের সংখ্যা ছিল ১৯ হাজার ৭৯৯টি।

তিনি বলেন, মুসলমানদের রোজা ও হিন্দুদের পূজার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এবারের পূজায় সীমিত শব্দের বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে। এছাড়া ইফতার, তারাবীহ নামাজ ও সেহরীর সময় মাইক বা কোনও বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে না। এ ব্যাপারে উভয় ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে সরকারি অনুদানের অর্থ দেওয়া হয়না। শুধুমাত্র অনুদানের জন্যে আবেদনকারীদের এ অর্থ দেওয়া হয়। প্রতিটি আবেদনের জন্যে সর্বোচ্চ পাঁচ হাজার থেকে সর্বনিম্ন পাঁচশ’ টাকা দেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান এ পর্যন্ত দুটি মন্দিরে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করে বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এমন বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ঘটতেই পারে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।