এশিয়ান এনার্জির সাথে সরকারের চুক্তি দেশের স্বার্থ বিরোধী: গ্রীন ভয়েসের সমাবেশে বক্তারা
অক্সিডেন্টাল, নাইকোর সাথে চুক্তির অভিজ্ঞতা এবং ভয়াবহতার পর এবার দিনাজপুরের ফুলবাড়িয়ায় আবিষ্কৃত প্রাকৃতিক কয়লাখনির কয়লা উত্তোলনে এশিয়ান এনার্জির সাথে সরকার দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছে।
নগরীর শাহবাগে বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুরের কয়লাখনি রক্ষার দাবিতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ আয়োজিত মানব বন্ধন পূর্ব এক সমাবেশে ’ বক্তারা এ কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, কয়লা উত্তোলনের জন্য ‘এশিয়ান এনার্জি কর্পোরেশন’র সাথে যে চুক্তি সম্পাদিত হয়েছে তাতে বাংলাদেশকে দেওয়া হবে মোট কয়লার ছয় শতাংশ। যার বর্তমান বাজারমূল্য নয় হাজার কোটি টাকা। অন্যদিকে এশিয়ান এনার্জি কর্পোরেশন পাবে বাকি চুরানব্বই শতাংশ। যার বর্তমান বাজারমূল্য এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা।
বক্তারা এ স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানায়। তারা দেশের সম্পদ নিয়ে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানায়।
শেখ মুহম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্স, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
