২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশ ও গোয়েন্দা অভিযানে বই, ক্যাসেট ও বোমার উপকরণ উদ্ধার

লক্ষ্মীপুরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা চাঁদপুর শহরের টিঅ্যান্ডটি তরাপতি এলাকায় জেএমবির এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে ১০টি ক্যাসেট, বোমায় ব্যবহৃত তার, বোমার খাপ ও বেশ কিছু জেহাদি বই উদ্ধার করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পুলিশ জানায়, লক্ষ্মীপুরে আটককৃত জেএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য মাসুমের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। পুলিশ ও গোয়েন্দারা এসময় মাসুমকে বিশেষ জ্যাকেট পরিয়ে তাকেসহ চাঁদপুরে অভিযানে যায়। অভিযানকালে পুলিশ ও গোয়েন্দারা আস্তানাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। অভিযানের আগে তিনজন জেএমবি সদস্য পালিয়ে চলে যায় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

চাঁদপুরের আস্তানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জেএমবির তিনজন সদস্য এবং লক্ষ্মীপুরে মাসুমের সহযোগী তিনজন জেএমবি সদস্যকে পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে।

এদিকে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভূইয়া এমপি, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ। সভায় বোমা হামলার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।