২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ১ লাখ ২০ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত, সচেতনতার লক্ষ্যে মানববন্ধন

বিশেষজ্ঞদের মতে দেশে ১ লাখ ২০ হাজার মহিলা স্তন ক্যান্সারে ভুগছেন। সচেতন হলে এবং প্রাথমিক অবস্থাতেই চিকিৎসা গ্রহণ করলে শতকরা ১০০ ভাগ স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

জনমনে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বুধবার রাজধানীতে হাইকোর্টের সামনে আয়োজিত মানবন্ধন কর্মসূচিতে এ তথ্য প্রকাশ করা হয়। পুরো অক্টোবর জুড়ে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এ মানববন্ধনের আয়োজন করে।

এতে অংশ নেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য সচিব মুহা. ফজলুর রহমান, ক্যান্সার নির্ণয় কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এমএ হাইসহ বিপুলসংখ্যক স্বাস্থ্যসেবী, উন্নয়নকর্মী এবং বাংলাদেশ স্কাউট ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ।

মানববন্ধন থেকে স্তন ক্যান্সার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখা হয় এবং এ সম্পর্কে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। আরও জানানো হয়, মিরপুরে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ও ক্যান্সার নির্ণয় কেন্দ্রে অক্টোবর মাসব্যাপী ৫০% হ্রাসকৃত মূল্যে সর্বাধুনিক মেশিনে ম্যামোগ্রাফিসহ স্ক্রিনিং এবং এ সংক্রান্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

যে কেউ এ হাসপাতালে গিয়ে বিনামূল্যে নিজে নিজে স্তন পরীক্ষার পদ্ধতি জেনে নিতে পারেন। ক্যান্সার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল আরও যে সকল কর্মসূচি পালন করছে, তার মধ্যে রয়েছে গোল টেবিল বৈঠক, গার্লস স্কুল-কলেজে আলোচনা সভা, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৈঠক, তথ্যপত্র বিতরণ ইত্যাদি।