শুধু জঙ্গিদের ধরলেই চলবে না বরং জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দাঁড় করানোর চেষ্টা করতে হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সারা দেশে জঙ্গি কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘ইতিবাচক প্রণোদনা কর্মসূচি’ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ঢাকা বিভাগের আইন শৃঙ্খলা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু জঙ্গিদের ধরলেই চলবে না বরং জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দাঁড় করানোর চেষ্টা করতে হবে।
এ ব্যাপারে তিনি স্থানীয় ইমামদের সম্পৃক্ত করার জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন।
তিনি অভিযোগ করে বলেন, জাগ্রত মুসলিম জনতার নেতা বাংলা ভাই ও জামা’আতুল মুজাহিদীনের শায়খ আব্দুর রহমান স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে কাজ করছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও র্যাবের মহাপরিচালক, মহাপরিচালক কোস্টগার্ড, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ।
একটি সূত্র জানায়, দুর্গাপূজার সময় ও রমজান মাসে গেস্টহাউজ এবং সিনেমা হলগুলোতে নতুন করে বোমা হামলা হতে পারে এ আশংকায় ব্যাপক অভিযান চালাতে প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন।
বাবর আসন্ন দুর্গপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা রক্ষার জন্যে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তাব্যাবস্থা গ্রহণের ওপর সভায় জোর দেন।
