ব্যারিস্টার হুদা ও অ্যাড. জয়নুলকে কারণ দর্শাও নোটিশ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) মঙ্গলবার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জয়নুল আবেদীনকে তাদের সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কেন বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর নোটিস দিয়েছে।
অন্যদিকে ব্যারিস্টার হুদা এবং অ্যাড. জয়নুল বিজেএএফের নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তাদের দুজনকেই বিজেএএফ থেকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা কেউই এ কারণ দর্শানো নোটিসের জবাব দেবেন না।
অ্যাড. আবেদীন মঙ্গলবার বিডিনিউজকে বলেন, বিজেএএফের কোনও কমিটি নেই, তাই যারা কারণ দর্শানোর নোটিস দিয়েছে, তাদের নোটিস প্রদানের কোনও আইনগত বৈধতা নেই।
অ্যাড. টিএইচ খান ও ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ কেন্দ্রীয় কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। একটি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের মাধ্যমে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। এরই মধ্যে আমরা বিজেএএফের সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে ব্যারিস্টার নাজমুল হুদা জানান, বিজেএএফের ভবিষ্যৎ নেতা হিসেবে কোনও কুরুচির লোককে আইনজীবীরা চায় না।
বিজেএএফের সভাপতি অ্যাড. টিএইচ খান বলেন, ফোরামের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য বিজেএএফ সদস্য ব্যারিস্টার হুদা ও অ্যাড. জয়নুল আবেদীনকে ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, বিজেএএফের যদি কোনও কমিটি না থাকে তবে হুদা আমার ও বিজেএএফের বিরুদ্ধে এমন বিবৃতি দিতে যাবেন কেন এবং কীভাবে আমি বিজেএএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বিজেএফের সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্য হিসেবে তাদের বিজেএএফ ও আমার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার কোনও অধিকার নেই।
কারণ দর্শানো নোটিসে বলা হয়েছে, সাতদিনের মধ্যে নোটিসের জবাব না দিলে বিজেএএফ তাদের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেবে।
গত তিন আগস্ট ব্যারিস্টার নাজমুল হুদাকে সুপ্রিম কোর্ট বিজেএএফ শাখা কমিটি ভেঙে দেন এবং এর ফলে বিজেএএফ ব্যারিস্টার হুদা ও অ্যাড. জয়নাল আবেদীনকে সাময়িকভাবে বরখাস্ত করে।
