২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবারের বোমা হামলার ঘটনায় আইনজীবীদের বিক্ষোভ

চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রামে সোমবার আদালতের এজলাসে বোমা হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ)সহ বিভিন্ন আইনজীবী সংগঠন মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ ও বোমা হামলাকারী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।

মঙ্গলবার এসসিবিএ আদালত প্রাঙ্গনে বিচারক, আইনজীবী, লিগ্যাল কর্মী এবং বিচার প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার পর্যাপ্ত সদস্য নিয়োজিত করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।

এক জরুরী সভায় গৃহীত সিদ্ধান্তে এসসিবিএ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত মন্ত্রী, সাংসদ এবং ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানায়।

বৈঠকে বলা হয়, একটি চিহ্নিত মহল সরকারের আশ্রয়ে ও মদদে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস এবং আইনের শাসনকে বাধাগ্রস্ত করে অরাজক ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠির আক্রমণের লক্ষ্যবস্তু দেশের বিচার ব্যবস্থা। কিন্তু ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতৃবৃন্দের সাথে সু সম্পর্কের কারণে সরকার বোমা হামলাকারি, জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।

সোমবার চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্ট্রগামে বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এসসিবিএ এই বৈঠকের আয়োজন করে। ওই হামলায় দুই জন নিহত এবং একজন জেলা জজ ও এক পুলিশসহ ২৩ জন আহত হয়।

এসসিবিএ’র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ মো. জহুরুল হকের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) আহ্বায়ক ব্যরিস্টার এম আমির-উল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এসসিবিএ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট সিরাজুল হক, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কেএম সাইফুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নাজমুল আহসান মিজান, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু, অ্যাডভোকেট মো. সেলিম এবং অ্যাডভোকেট রবিউল আলম বাবু বক্তব্য রাখেন।

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশন এক জরুরী সাধারণ সভায় আদালতে সোমবারের বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানায় এবং সরকারের কাছে হামলার নেপথ্য ব্যক্তিদের চিহ্নিতকরণের পাশাপাশি তাদের বিচারের দাবি জানায়।

অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খুরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাসেল, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত এভং সাবেক সাধারন সম্পাদক মন্তোষ বড়ুয়া বক্তৃতা করেন।

পরে আইনজীবীরা বোমা হামলার প্রতিবাদে আদালত ভবন প্রাঙ্গনে মিছিল বের করে।

চট্টগ্রামে আদালতে পর পর বোমা হামলার কারণে এখনও বিচারক, কর্মকর্তা, কর্মকচারি, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের মধ্যে বোমা আতঙ্ক বিরাজ করছে।

বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান,রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন সোমবারের বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে অ্যাডভোকেট সৈয়দ রফিকুস সালেহিন, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন গুহ, অ্যাডভোকেট শফিকুল আজম মামুন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং অ্যাডভোকেট এটিএম মোস্তফা বক্তৃতা করেন।

বাগেরহাট প্রতিনিধি জানান, সোমবার দেশের বিভিন্ন স্থানে আদালত এজলাসে বোমা হামলা ঘটনায় বাগেরহাট জেলা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সমিতির সভাপতি অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নুহু, মীর শওকাত আলী বাদশা, শাহ-ই-আলম বাচ্চু, এস.এম.মোজাফফর আলী, রণজিৎ কুমার দেবনাথ, মো. রেজাউল করীম প্রমুখ।