২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি জেলায় বোমা হামলার পর সারা দেশের আদালতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

সোমবার দেশের তিনটি জেলার আদালতে একই সময়ে পাঁচটি বোমা হামলার পর সারা দেশের আদালতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

আদালত পাড়ায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারি শুরু করেছে।

দেশের বিভিন্ন আদালতে মঙ্গলবার মামলা চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। কক্সবাজারসহ কয়েকটি জেলায় দরজা বন্ধ করে বিচারকাজ সম্পন্ন করার খবর পাওয়া গেছে।

এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালত প্রাঙ্গণ ও এজলাসের নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করার জন্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্দেশ দেন।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, জেলার আদালত পাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরীর সিএমএম ও জজ কোর্ট এলাকার প্রবেশ মুখে সন্দেহভাজন ব্যক্তিদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়। পোশাকধারী এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আদালত এলাকার ভেতরে এবং বাইরের রাস্তায় সতর্ক পাহারায় ছিল। এছাড়া আদালতের বিচারকদের প্রতিটি কক্ষের সামনে ও পেছনে অবস্থানরত হকারদের উচ্ছেদ করা হয়েছে। কিছু সময় পর পর আদালতের সামনে ও পাশের সড়কে র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা যায়। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে।

সহকারী কমিশনার (প্রসিকিউশন) আশরাফ হোসেন বিডিনিউজকে জানান, সোমবার দেশের তিনটি জেলায় বোমা বিস্ফোরণের পর খুলনা পুলিশ কমিশনারের নেতৃত্বে বৈঠকে জেলায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়। তার পরিপ্রক্ষিতেই জেলায় সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে।

বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, সকালে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবরেটরি থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। বোমা আতঙ্কের খবর পেয়ে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোতায়েন করা হয় পুলিশ ও র‌্যাব।

এদিকে তিনটি জেলায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৪০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নগরীর আদালতপাড়া, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, জেলা প্রশাসকের কার্যালয়, বিমানবন্দরে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

নগরজুড়ে র‌্যাব এর টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

এছাড়া ক্যুরিয়ার সার্ভিসের পার্শেলের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি।

বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, খুলনা, সিলেট এবং দেশের অন্যান্য স্থানে নিরাপত্তা জোরদার করা হলেও রাজশাহীতে হযরত শাহ শখদুম (রহ.)-এর দরগাহ শরীফসহ কয়েকটি মাজার প্রাঙ্গণ ঘুরে পুলিশ ঢিলেঢালা পুলিশ পাহারা চোখে পড়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংক, বেতার ও টেলিভিশন কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয়, কালেক্টরেট ভবন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবন, আইনজীবী বার ভবন এবং আদালত প্রাঙ্গণেও একই চিত্র দেখা যায়।

এদিকে রাজশাহীর পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজকে জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে আদালত চত্বরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। স্থানীয় বেতার ও টেলিভিশন ভবনের সামনে বসানো হয়েছে চেকপোস্ট।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে আদালত চলাকালে এজলাসে বোমা হামলা এবং এসব হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভা থেকে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সমিতির সভাপতি অ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নুহু, মীর শওকাত আলী বাদশা, শাহ-ই-আলম বাচ্চু, এসএম মোজাফফর আলী, রণজিৎ কুমার দেবনাথ, মো. রেজাউল করীম প্রমুখ।

এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে জেলার সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার নয়টি উপজেলা সদরে র‌্যাব মোতায়েন করা হয়েছে। এ বছর বাগেরহাটে ৪৪২টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক সভায় এ কথা জানানো হয়।

সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক ওই সভায় বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল, সকল উপজেলার ইউএনও, ওসি, ইউপি চেয়ারম্যান, পূজা পরিষদ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।