সিএমএম আদালত বিভক্তিকরণ রোধে বৃহস্পতিবার আইনজীবীদের কর্মবিরতি
সিএমএম আদালত বিভক্তিকরণের প্রস্তাবের প্রতিবাদে ঢাকা আইনজীবী সমিতি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত জেলা জজ ও মহানগর দায়রা জজের সকল আদালতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার বেলা ২টায় আইনজীবীদের একটি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার অ্যাসোসিয়েশন) কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় আলোচকবৃন্দ বলেছেন, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের একাংশকে নগরীর উত্তর পশ্চিমের ১১টি থানা নিয়ে আগারগাঁ ও শেরেবাংলা নগর এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত সরকারের কোনো পরিকল্পনা নয় বরং সিএমএম জালাল আহমেদ তার উচ্চাভিলাষ ও ক্যারিয়ারের কথা চিন্তা করে সরকারের কাছে এ প্রস্তাব করেছেন। আইনজীবীদের ঐক্যে ফাটল ধরানোসহ তাদের ক্ষতি করার জন্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সভা থেকে দাবি করা হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিএমএম, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিকে ভাগ করে একাংশকে অন্যত্র স্থানান্তরের এ প্রস্তাব প্রত্যাহার না করলে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ বর্তমান কর্যকরি পরিষদের নেতাদের নিয়ে একটি অ্যাকশন কমিটি গঠন করা হবে।
বর্তমান কার্যকরি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বারের অপর নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দেলন চালিয়ে যাবো।
সাধারণ সভার আগে আইনজীবী সমিতির উদ্যোগে সর্বস্তরের আইনজীবীরা মিছিল ও সমাবেশ করেছে।
গতকালের সাধারণ সভা থেকে এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সমিতির কার্যকরি কমিটির এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যায়ক্রমে আইনজীবী সমিতি ঢাকার সিএমএম কোর্ট বর্জন, সিএমএম-এর অপসারণ এবং মানববন্ধন কর্মসূচি পালন করবে।
