নোয়াখালীর জলদস্যু সম্রাট তছির মাঝি গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কুখ্যাত জলদস্যু সম্রাট তছির মাঝিকে (৫২) সোমবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র লুটসহ ২৫টিরও বেশি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ছোট ফেনী নদীতে অভিযান চালায়। পরে দক্ষিণ মুছাপুর দূর্গম এলাকা থেকে তাকে আটক করে।
এলাকাবাসী জানায়, গত বছর নোয়াখালীর বনাঞ্চলে দস্যু নিধন অভিযানে বাহিনী প্রধানদের প্রায় সকলে ধরা পড়লেও একমাত্র তছির বাহিনীর প্রধান তছির এতদিন ধরা পড়েনি।
কোম্পনীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আইয়ুব বিডিনিউজকে জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী তছির মাঝির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ১২টি গ্রেফতারী পরোয়ানাসহ ২০টি মামলা এবং পার্শ্ববর্তী সোনাগাজী ও সন্দ্বীপ থানায় আরও পাঁচ/ছয়টি মামলা রয়েছে।
জলদস্যু সম্রাট তছির গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
