৩ জেলায় বোমা বিস্ফোরণের পর দেশজুড়ে আতঙ্ক, নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশি
দেশের তিনটি জেলায় সোমবার আদালত প্রাঙ্গণে বোমা হামলার পর সারা দেশে, বিশেষ করে আদালতপাড়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা ও ব্যাপক তল্লাশি চালানো হয়। এসময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার দুপুরে প্রায় একই সময়ে চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও চাঁদপুরে আদালত চত্বরে বোমা বিস্ফোরণে ২ জন নিহত এবং কমপক্ষে ২৩ জন আহত হয়।
বিডিনিউজ জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, এ ঘটনার খবরে অনেক জেলায় আদালতে তল্লাশি চালানোর পর বিচারকাজসহ আদালতের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রাজশাহী প্রতিনিধি জানান, বোমা হামলার খবর পাওয়ার পরই রাজশাহীতে পুলিশ রেড এলার্ট জারি করেছে। আদালতপাড়া, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও মোড়ে মোড়ে পুলিশী পাহাড়া জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে চলছে তল্লাশি। অন্যদিকে রাজশাহী বিভাগের ১৬টি জেলায় র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে।
খুলনা প্রতিনিধি জানান, বোমা হামলার আশংকায় খুলনায় আদালতপাড়া ও প্রেসক্লাবে রেড এলার্ট জারি করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে র্যাব ও পুলিশ যৌথভাবে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। বোমা হামলার আশংকায় গোয়ালপাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায়ও নিরাপত্তা জোরদার করা হয়। শহরের পরিস্থিতি এখন থমথমে।
সিলেট প্রতিনিধি জানান, বোমা হামলার আশংকায় সোমবার সিলেটের জজ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাব ও পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালায়। এসময় আটজনকে গ্রেপ্তার করা হয়। সিলেট শহরে প্রবেশ ও বহির্গমনের ১২টি পয়েন্টে চেক পোস্ট বসিয়ে চলছে যানবাহনে তল্লাশি। র্যাবকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়।
ভোলা প্রতিনিধি জানান, জেলা প্রশাসক কার্যালয় ও জজ কোর্ট প্রাঙ্গণে সোমবার দুপুরে হঠাৎ পুলিশ ও র্যাব ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় অফিসে পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির সময় লোকজনদের বের করে দেওয়া হয় এবং তল্লাশির পর অফিস দু’টির কাজ বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সোমবার দুপুরে সিরাজগঞ্জে আদালত প্রাঙ্গণসহ আশপাশের জনবহুল এলাকায় আকস্মিক পুলিশী তল্লাশি শুরু হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আদালত প্রাঙ্গণে বিচারক, আইনজীবীসহ বিচার সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে থাকতে দেয়নি। দুপুর দেড়টার পর আদালতপাড়া জনশূন্য হয়ে পড়ে এবং এরপর জজকোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টে আর কোনও বিচারকাজ হয়নি। পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, দেশের কয়েকটি স্থানে বোমা হামলার পর সিরাজগঞ্জে নাশকতামূলক কাজ রোধ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নীলফামারী প্রতিনিধি জানান, আতঙ্কের কারণে জেলা ও দায়রা জজ আদালতের বিচার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং র্যাব ও পুলিশ সদস্যরা সেখান থেকে বহিরাগত লোকজনকে বের করে দেয়। পরে পুরো আদালত ভবন, ডিসি অফিস ও জেলা কারাগারে তল্লাশি চালানো হয়। তবে পুলিশ জানিয়েছে, সে সব স্থানে কোনও বোমা পাওয়া যায়নি। সোমবার দুপুর থেকেই জেলা ও দায়রা জজ আদালত, ডিসি অফিস, পুলিশ সুপার অফিস, সদর থানা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ এসব স্থানে জনসাধারণকে চলাচল করতে দিচ্ছে না। এদিকে বিকেলে পুলিশ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস-আদালত ও স্থাপনায় তল্লাশি চালায়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, আদালত ভবন ও চত্বরে সোমবার কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বেলা সাড়ে ১২টার পর থেকে র্যাব, পোশাধারী ও সাদা পোশাকের পুলিশ মেটাল ডিটেক্টর নিয়ে আদালত পাড়ায় ঘোরাঘুরি করে ও বহু মানুষের ব্যাগসহ দেহে তল্লাশি চালায়।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, এ ব্যবস্থা শুধু আদালত চত্বরেই নয়, জেলার বিভিন্ন স্থানেই এখন থেকে চলতে থাকবে।
আইনজীবীরা জানান, চট্টগ্রামসহ অন্যান্য স্থানে বোমা হামলার খবর প্রচার হলে আদালত পাড়ায় ভীতি ছড়িয়ে পড়ে। মানুষজন সর্তকভাবে চলাফেরা শুরু করে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, আদালত প্রাঙ্গণে বোমা হামলার সংবাদে জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিসিসহ রেডিও-টেলিভিশনে খবর শুনতে মানুষ রাস্তার পাশে ভিড় জমায়। জেলার বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে রিনাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে পুলিশ টহল দিতে দেখা যায়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, দেশের তিনটি জেলায় বোমা হামলার খবরে শহরে রেড এলার্ট জারি করা হয়। বিশেষ করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে চট্টগ্রামে বোমা হামলার পর গ্রেপ্তারকৃত শাহাদৎ হোসেন ও লাল্টু তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ে বলে জানালেও ঠাকুরগাঁও পুলিশ এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানাতে পারেনি।
এদিকে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। শহরের গুরুত্ব পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
