২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুরা আমাদের উন্নয়ন ভাবনার কেন্দ্রবিন্দুতে আছে : প্রধানমন্ত্রী

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, শিশুরা আমাদের উন্নয়ন ভাবনার কেন্দ্রবিন্দুতে আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

দিবস বা সপ্তাহ পালনকে আনুষ্ঠানিকতা সর্বস্ব না করে বছরের প্রতিটি দিনেই শিশুদের বিকাশ, কল্যাণ ও উন্নয়নের কথা মনে রেখে তাদের জন্যে কাজ করতে প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

এবারের শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘সুস্বাস্থ্য, সুশিক্ষা ও নিরাপদ পরিবেশ, বাড়বে শিশু গড়বে দেশ’। এ উপলক্ষে উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মহিলা শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি রোজেলা মুরালী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম হায়দার আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের যদি আজ আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা না যায়, তাহলে ভবিষ্যত নেতৃত্বে শূণ্যতা দেখা দিতে পারে। সেজন্যে শিশুদের সার্বিক বিকাশে যত্নবান হতে হবে।

প্রধানমন্ত্রী জানান, শিশুদের সার্বিক বিকাশ, উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে জাতিসংঘ শিশু অধিকার সনদ, সার্ক সনদ, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এ ওয়ার্ল্ড সিটি ফর চিলড্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। পাশাপাশি এসব কর্মসূচির সাথে সমন্বয় করে প্রনীত নিজস্ব জাতীয় শিশুনীতিও বাস্তবায়ন করে চলেছি।

তিনি বলেন, শিশুদের নিরাপত্তা ও বিকাশ নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। ইপিআই’র আওতায় টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। শিশুমৃত্যু ও মাতৃমৃত্যু হ্রাসে আমাদের কার্যক্রম ব্যাপক সাফল্য অর্জন করেছে। শিশুদের জন্যে আলাদা হাসপাতাল প্রতিষ্ঠাসহ সকল হাসপাতালে শিশু ওয়ার্ড রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে শিশু শিক্ষা কার্যক্রমে নিরব বিপ্লব সূচিত হয়েছে। এ অঞ্চলে আমরাই প্রথম প্রাথমিক পর্যায়ে দরিদ্র শিশুদের স্কুলমুখী করতে নগদ উপবৃত্তি দিচ্ছি। বিনামূল্যে দেওয়া হচ্ছে বই। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ৭ লাখের বেশি ছাত্রছাত্রীকে উচ্চ পুষ্টিমানের বিস্কুট সরবরাহ করা হচ্ছে। শিশুশ্রম রোধ ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধে কাযৃকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ ও পাচার রোধে প্রচলিত আইনকে আরও কঠোর করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ পাস করা হয়েছে। শিশু পাচার রোধে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।