২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঘুচাপ, অমাবস্যা ও সূর্যগ্রহণের ত্রিশঙ্কু প্রভাব: দক্ষিণ উপকূলে জোয়ারের পানি বেড়েছে

লঘুচাপ, অমাবস্যা ও সূর্যগ্রহণের ত্রিশঙ্কু প্রভাবে দেশের দক্ষিণে গোটা উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ডুবে গেছে নিম্নাঞ্চলসহ ফসলি জমি।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

চারদিন ধরে টানা বর্ষণের পর উপকূল এলাকায় পুবের দমকা হাওয়া বইছে। সোমবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষকসহ সব শ্রেণীর মানুষ কার্যত গৃহবন্দি হয়ে পড়েছে। আশ্বিনের আকালের সময়ে এমন দুর্যোগের কারণে উপকূলের অভাবী মানুষেরা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে।

জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে চলায় ইতোমধ্যে ডুবে গেছে নিম্নাঞ্চলসহ ফসলি জমি। কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি ফেরিঘাট কোমর সমান পানিতে ডুবে যাওয়ায় সোমবার দুপুর থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

মহীপুর-আলীপুরের মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছে, সাগর উত্তাল হয়ে ওঠায় শত শত মাছ ধরা নৌকা ও ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঘুচাপ, অমাবস্যা ও সূর্যগ্রহণের ত্রিশঙ্কু প্রভাবে উপকূল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। কৃষকরাও আমন ফসল হারানোর আশঙ্কায় রয়েছেন।