বিএলএস গ্রাহকদের বরিশাল কোতয়ালী থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ আহত অর্ধ শতাধিক
বরিশালের মাল্টি লেভেল কোম্পানি বাঙ্গালী শিক্ষিত সমাজ (বিএলএস)-এর প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান দোহাকে কোতয়ালী থানা থেকে ছাড়িয়ে নিতে গ্রাহকরা সোমবার সকাল ১০ টার দিকে থানা ঘেরাও করে।
এ সময় গ্রাহকরা বিএলএস-এ রক্ষিত টাকার দাবিতে বিক্ষোভ মিছিল বের করলে দাঙ্গা পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে সাংবাদিকসহ প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়।
সূত্র জানায়, থানা ঘেরাওয়ের সংবাদ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবহিত করলে পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ নির্বিচারে বিএলএস’র গ্রাহকদের ওপর হামলা চালায়।
এ হামলায় বিডিনিউজের বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলামসহ ৮০ ভাগ হতদরিদ্র মহিলা আহত হয়।
পরে বিক্ষুব্ধ গ্রাহকরা থানা লাগোয়া সদর রোড অবরোধ করলে এএসপি (সার্কেল) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। ঘন্টাব্যাপী পুলিশের লাঠিচার্জের ফলে সদর রোড জনমানব শূণ্য হয়ে পড়ে।
এর আগে বিক্ষুব্ধ গ্রাহকরা সদর রোডের কয়েকটি টেম্পু এবং রিক্সা ভাংচুর করে।
বর্তমানে কোতয়ালী থানা এবং সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, বিএলএস-এ তিন হাজার টাকার বিনিময়ে গ্রাহক হলে দুই মাস পর তাকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মাত্র কয়েক মাসের মধ্যে ওই কোম্পানির প্রায় ২৬ হাজার গ্রাহক তৈরি হয়।
বিষয়টি প্রশাসন পর্যন্ত গড়ালে জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসান রোববার বিএলএস’র বিরুদ্ধে তদন্তের রিপোর্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন।
রিপোর্টে উল্লেখ করা হয়, বিএলএস অবৈধভাবে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অমান্য করে শুধু মাত্র সিটি কর্পোরেশনের একটি ট্রেড লাইসেন্স দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।
এ রিপোর্টটি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পৌঁছালে তিনি পুলিশ প্রশাসনকে বিএলএস’র সমন্বয়কারী মেহেদী হাসান দোহাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
রোববার রাতেই কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে।
