সাংবাদিক দীপঙ্কর হত্যার প্রথমবার্ষিকী পালিত
বগুড়ার প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে রোববার বগুড়া সাংবাদিক ইউনিয়ন রোববার বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।
এদিকে দীপঙ্কর চক্রবর্তীর নিজ এলাকা শেরপুরের সর্বস্তরের মানুষ যথাযথ মর্যাদায় এ দিনটি পালন করেছে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব ও সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তা উভয়ে নিজ কার্যলয়ে কালো পতাকা উত্তোলন করে। এছাড়াও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ কালো ব্যাজ ধারণ, প্রতীকী অনশন, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
শেরপুরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত দীপঙ্কর চক্রবর্তীর পুত্র অনিরুদ্ধ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তা পত্রিকার সম্পাদক উজ্জ্বল মালাকার প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, জাতীয় নেতারা বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু বছর পেরিয়ে গেলেও আজও এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়নি।
বগুড়া শহরের সাতমাথায় একটি দৈনিকে কাজ শেষে দীপঙ্কর চক্রবর্তী গত বছর ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে শেরপুর বাসস্ট্যাণ্ডে নামেন। এরপর তিনি পায়ে হেঁটে সান্যালপাড়ার বাড়ির কাছে পৌঁছলে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা পেছন থেকে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
