২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে সন্ত্রাসীদের গুলিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক এবং ঠিকাদার আহত

মীরপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক এবং অপর এক ঠিকাদার রোববার পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সাবেক পরিচালক জহরুল হক (৭০) এবং ঠিকাদার আব্দুস সাত্তার (৪৮) দুজনেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জহরুল হকের স্ত্রী হোসনে আরা বেগম সাংবাদিকদের জানান, মীরপুরের পাইকপাড়া এলাকার পাঁচতলা একটি ভবনের নিচতলায় তাদের বাসায় সকাল ৮ টায় কলিংবেল বাজিয়ে দুজন সন্ত্রাসী প্রবেশ করে। তারা নিজেদের কালা জাহাঙ্গীরের (তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন) লোক পরিচয় দিয়ে জহরুল হককে একটি গুলি করে বাসা ত্যাগ করে। এ সময় তারা জহরুল হককে কালা জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করতে বলে। পুরো ব্যাপারটিকে বিস্ময়কর অভিহিত করে হোসনে আরা বলেন, আমরা ধারণাও করতে পারছি না কেন এমন ঘটনা ঘটল?

পাইকপাড়ার ৫২/১ আহমদ নগরের বাসায় তারা দীর্ঘদিন ধরে বাস করছেন বলে হোসনে আরা জানান।

এদিকে অপর এক ঘটনায় মীরপুরের শাহআলীবাগে নিজ সাইটে ঠিকাদার আব্দুস সাত্তার আহত হন। কয়েকজন শ্রমিক জানায়, সকাল সাড়ে আটটার দিকে তিনজন সন্ত্রাসী এসে তাকে গুলি করে চলে যায়। সাত্তারের শরীরের বিভিন্ন স্থানে তিনটি গুলিবিদ্ধ হয়। তিনি ৩৬, শাহ আলীবাগের বাসিন্দা।

মীরপুর থানার একজন এসআই জানান, তারা ঘটনা দুটি সম্পর্কে অবহিত হয়েছেন।