কুষ্টিয়ায় ৯ মাসে ৪৬ খুন, ক্রসফায়ারে নিহত ৭৬
র্যাব ও পুলিশের কড়া অভিযান এবং ঘন ঘন ক্রসফায়ারের মধ্যেও কুষ্টিয়ায় খুনের ঘটনা অব্যাহত রয়েছে।
চলতি বছরের নয় মাসে কুষ্টিয়ায় নিহত হয়েছে ৪৬ জন। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাকাতি, অপহরণ, ধর্ষণ এবং লুটপাটের ঘটনা।
গত নয় মাসে কুষ্টিয়ায় র্যাব-পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে ৭৬ জন।
সূত্র জানায়, কুষ্টিয়ায় র্যাবের ক্যাম্প স্থাপনের পর গত দেড় বছরে আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়। কিন্তু গত দু’মাসে এ পরিস্থিতির অবনতি ঘটে।
শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই এ জেলায় খুন হয়েছে আট জন, ডাকাতির ঘটনা ঘটেছে ছয়টি, ধর্ষণের শিকার হয়েছে সাত জন, অপহরণ হয়েছে তিন জন আর লুট হয়েছে তিনটি বাড়ি।
এছাড়া শহর ও শহরতলীতে দফায় দফায় সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধও হয়েছে।
১ সেপ্টেম্বর সদর উপজেলার মাজিলা গ্রামে আজিমুদ্দিনের স্ত্রী আলেয়া খাতুনকে সম্পত্তির লোভে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ৬ সেপ্টেম্বর কুমারখালী উপজেলায় রাধানগর গ্রামে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয় আব্দুল বারিকের স্ত্রী আবেদা খাতুনকে। একই দিনে দৌলতপুর উপজেলার মাজদিয়ার কান্দিপাড়া গ্রামে ব্যবসায়ী আমিরুল ইসলামকে অপহরণের পর জবাই করে হত্যা করা হয়। ২২ সেপ্টেম্বর কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর-ভাড়লা গ্রামের আফিল উদ্দিনের স্ত্রী কমেলা বেগমকে অজ্ঞাত সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে। ২৩ সেপ্টেম্বর মশান জিকে ক্যানেলের পাড় থেকে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। ২৬ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলার ভুড়কাপাড়া গ্রামে বিএনপি ক্যাডাররা আওয়ামী লীগ কর্মী মুক্তার মন্ডলকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ২৭ সেপ্টেম্বর মিরপুরের কাটদহচরে ১৮ বছরের অজ্ঞাত যুবতীর লাশ পাওয়া যায়। ২৯ সেপ্টেম্বর চাঁপড়া-ভাড়রা গ্রামে চরমপন্থীদের বোমা হামলায় বিএনপি নেতা ইশারত আলী শেখ নিহত হয়।
