১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলায় ভারতীয় অপরাধীদের জড়িত কথা আবার উল্লেখ করেছেন বিডিআর মহাপরিচালক
বাংলাদেশস রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আবারও উল্লেখ করেছেন, ১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলায় ভারতীয় অপরাধীরা জড়িত ছিল।
দিল্লীতে ভারত বাংলাদেশ সীমান্ত সমস্যা নিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সেস’র (বিএসএফ) সঙ্গে ৩ দিনের বৈঠক শেষে দেশে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের কাছে এ কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কিছু ভারতীয় পত্রিকা তার বক্তব্যকে বিকৃত করেছে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বৈঠক চলাকালে এ বিষয়ে কোন প্রতিবাদ করে নাই।
জেনারেল জাহাঙ্গীর আরও জানান, বিএসএফের মহাপরিচালক আরএস মোসাহারি ২০ কেজি বিস্ফোরক দ্রব্যসহ সাতক্ষীরায় গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক গিয়াসউদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।
তার বক্তব্য সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করলে জেনারেল জাহাঙ্গীর বলেন, বৈঠকে যখন এ ইস্যুটি নিয়ে আলোচনা হয়, তখন ভারতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কেউ এ বক্তব্যের প্রতিবাদ করেন নি। আমি আবার বলছি, ভারতীয় অপরাধীরা এ ঘটনায় যুক্ত ছিল। এ বিষয়ে আমাদের প্রমানও রয়েছে।
দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলা সম্পর্কে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন দিল্লিীতে এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, অস্ত্র ও বারুদসহ ১৭ আগস্টের বোমা হামলায় জড়িত একভারতীয় নাগরিককে সাতক্ষীরায় গ্রেপ্তার করা হয়েছিল। এর জবাবে মোসাহারি বলেন, ভারতীয় নাগরিক হলেও সে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিল। বাংলাদেশী একজন মহিলাকে সে বিয়েও করেছিল।
বিডিআর প্রধানের এ বক্তব্য ব্যাপক বিতর্কের সৃষ্টি করে এবং ভারত তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়ে এ অভিযোগ অস্বীকার করেছে।
