২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্যসহ ২টি ট্রাক আটক

কুমিল্লায় বিডিআর সদস্যরা চোরাচালানের কাজে ব্যবহৃত দু’টি ট্রাকসহ প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ওষুধ ও কসমেটিকস উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

গোপন সূত্রে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে শুক্র ও শনিবার কুমিল্লা ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায় দুটি পৃথক অভিযান চালিয়ে তারা এসব পণ্য উদ্ধার করে।

সূত্র জানায়, ১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কেএ নেসারের নেতৃত্বে বিডিআর সদস্যরা শনিবার ভোর পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঠেরপুল এলাকা থেকে বিপুল পরিমাণ শাড়িসহ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক (নং-যশোর-ট-১১-০১৫৪৪) আটক করে। ট্রাকসহ আটককৃত মালামালের মূল্য ৫২ লাখ ৬৭ হাজার টাকা বলে বিডিআর সূত্রে জানা যায়।

অন্যদিকে শুক্রবার ভোর চারটায় একই দল অপর অভিযানে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার জাফরগঞ্জ বাজার থেকে ভারতীয় শাড়িসহ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাক (নং-ঢাকা মেট্টো-ট-১১-২৫৭৪) আটক করে।

আটককৃত মালামাল ইতোমধ্যেই কুমিল্লা কাস্টমসের গোডাউনে জমা করা হয়েছে। শুক্রবার আটক মালামালের মূল্য ৬০ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিডিআর।

এ ব্যাপারে বিডিআর সদস্যরা বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করেছে।