মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
মুন্সীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রিবাহী বাস শুক্রবার রাত ১০ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার শ্যামপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে গেলে ছয় ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়।
নিহতরা হচ্ছেন আসাদুজ্জামান (৩৫), সোহেল (১২), জিয়াউর রহমান (২৪), লিটন (৪০) ও আবুল হোসেন (৪২)।
শনিবার রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যে বেপরোয়াভাবে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই মহাসড়কে শনিবার সকাল ৭ টার দিকে মাইক্রোবাসের চাপায় জহিরউদ্দিন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
