উত্তীর্ণ ৮৭৫ জনকে এসআই নিয়োগের সুপারিশ
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৭৫ জনকে প্রাথমিকভাবে পুলিশের উপ পরিদর্শক (নিরস্ত্র) পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হলে এক বছর মেয়াদি প্রশিক্ষণের জন্য তারা চূড়ান্তভাবে মনোনীত হবে বলে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
পুলিশের ক্যাডেট উপ পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) নিয়োগের এ পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় ২ হাজার ৫৫০ জন প্রার্থী অংশ নেন।
সুপারিশ করা প্রার্থীদের ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরপর স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক হলে এক বছরের মৌলিক প্রশিক্ষণের জন্য তারা মনোনীত হবেন।
এ পদে নিয়োগে ২০২১ সালে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের পর ৪৮ হাজার ২৮ জন প্রার্থী উত্তীর্ণ হন।
এরপর তাদের মধ্য থেকে ডিসেম্বরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৯৭৮ জন প্রার্থী লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। পরে ফেব্রুয়ারিতে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য ৩ হাজার ৪৩৬ জন উত্তীর্ণ হন।
উত্তীর্ণ এসব প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা হয় মার্চে, যাতে ২ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়। পরে এসব প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ৯ মে থেকে ৯ জুন নেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারই প্রথম এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনার মাধ্যমে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকালে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ‘বেস্ট অব দ্য বেস্টস (সেরাদের সেরা)’ প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়েছে।
