শরণার্থী জীবনের প্রদর্শনী ‘আঁরা রোহিঙ্গা’
পরনে পাঞ্জাবি আর ঐতিহ্যবাহী লুঙ্গি, লাল-সাদা কারুকাজ করা রুমালের ওপর টুপি আর চোখে জড়ানো রোদচশমার সঙ্গে গলায় ঝুলছে জরির মালা।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বরবেশে মোহাম্মদ আয়াতের এ যাত্রা কনের ঘরের দিকে। ঐতিহ্য মেনে তাকে কাঁধে নিয়ে হেঁটে চলেছেন তারই এক বন্ধু, পেছনে অন্য বরযাত্রীরা।
২০ বছর বয়সী আয়াত ও তার সঙ্গীদের এই ছবি ফ্রেমবন্দি করেছেন রোহিঙ্গা শরণার্থী চিত্রগ্রাহক আজিমুল হাসান। শরণার্থীদের তোলা এমন কিছু ছবি নিয়ে সোমবার ঢাকায় শুরু হয়েছে একটি আলোকচিত্র প্রদর্শনী।
‘আঁরা রোহিঙ্গা’ নাম দিয়ে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর ও মুক্তিযুদ্ধ জাদুঘর।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শুরু হওয়া এই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের শরণার্থীদের দুঃখ-কষ্টের ১০টি ছবিও জায়গা পেয়েছে।
আলাদা দুটি সময়ের আলোকচিত্রের এমন সন্নিবেশ শরণার্থী জীবনের নিদারুণ কষ্টকে সমান্তরালে দেখার সুযোগ করে দিয়েছে বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
“এই প্রদর্শনীতে রোহিঙ্গাদের কষ্ট, দুঃখ আর কর্মকুশলতা তুলে ধরার পাশাপাশি তাদের বাড়ি ফেরার আশা ও স্বপ্নকেও তুলে ধরেছে।”
রোহিঙ্গা শিশু মো. হাসনের জীবনের গল্প তুলে ধরা হয় প্রদর্শনীর আরেকটি আলোকচিত্র, যা ক্যামেরাবন্দি করেছেন আরেক রোহিঙ্গা আলোকচিত্রী সাহাত জিয়া হিরো।
এবারের প্রদর্শনীতে হাসনের সেই ছবিকে তুলে আনা হয়েছে ভিন্ন আঙ্গিকে। নতুন ছবিতে ১৩ বছর বয়সী ওই রোহিঙ্গা শিশু মুঠোফোনের পর্দায় হাসিমুখে দেখাচ্ছে তার সেই আলোকচিত্র।
অনুষ্ঠানে ১৯৭১ সালে নিজের শরণার্থী জীবনের গল্প শুনিয়ে অঞ্জলি বিশ্বাস বলেন, “সবচেয়ে বড় ধর্ম মানবতার ধর্ম। শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো বড় ধর্ম হতে পারে না।
আলোকচিত্র প্রদর্শনীর কিউরেটর হিসেবে রয়েছেন কক্সবাজারে রোহিঙ্গা কালচারাল মেমরি সেন্টারের কিউরেটর ডেভিড পালাজোন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের কিউরেটর আমেনা খাতুন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের পঞ্চম তলায় তিন সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী চলবে ৭ জুলাই পর্যন্ত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকায় কানাডার হাই কমিশনার লিলি নিকোলস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, বাংলাদেশে ইউএনএইচসিআরের উপ-প্রতিনিধি সু-জিন রি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান সারওয়ার উপস্থিত ছিলেন।
